![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে নবনির্বাচিত সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীমের নির্দেশনায় মাদকবিরোধী তৎপরতা জোরদার করেছে এলাকাবাসী। এরই ধারাবাহিকতায় সোমবার(৯ মার্চ) রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের জয়নগর মোড় এলাকা থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাটারা ইউনিয়নের মহিষবাদুরিয়া এলাকার মৃত আহেদ আলীর ছেলে ও চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল হক বিক্রির উদ্দেশ্যে অটোরিকশা যোগে এক কেজি গাঁজা পাঠাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জয়নগর এলাকায় মোস্তাক নামে এক ব্যক্তি অটোরিকশাটি জব্দ করেন। এসময় গাঁজা বহনকারী ব্যক্তি কৌশলে পালিয়ে গেলেও বস্তাভর্তি ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য সোমবার রাতে সরিষাবাড়ী থানার এএসআই শাহাদাত হোসেনের কাছে হস্তান্তর করেন ভাটারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান এবং ভাটারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম মুসুল্লি। এসময় উপস্থিত এলাকাবাসী যুব ও ছাত্র সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এমন অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন।
হস্তান্তরকালে প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল করিম মুসুল্লি বলেন, “আমাদের নবনির্বাচিত এমপি ফরিদুল কবীর তালুকদার শামীম ভাইয়ের কঠোর নির্দেশনা রয়েছে যেন কোনোভাবেই এলাকায় মাদক ব্যবসা চলতে না পারে। তরুণ প্রজন্মকে বাঁচাতে আমরা দল-মত নির্বিশেষে মাদক নির্মূলে কাজ করে যাব।”
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাচ্চু মিয়া বলেন, “এলাকাবাসী সচেতন হয়ে মাদক উদ্ধারে এগিয়ে আসা অত্যন্ত ইতিবাচক। উদ্ধারকৃত গাঁজা থানায় আনা হয়েছে। পলাতক মাদক ব্যবসায়ী ও এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ২৩:১৮:০৭ ১৪৮ বার পঠিত