
নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি ব্যবসায় কয়েকশ বিনিয়োগকারীকে যুক্ত করতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আওতায় সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) একটি বাণিজ্য উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করছে সরকার।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ জাতীয় সংসদে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘বছরের পর বছর ধরে যে ব্যবসা আট থেকে ১৫টি ব্যবসায়ী গ্রুপের হাতে রয়েছে, সেখানে সরকার অন্তত কয়েকশ মানুষকে সম্পৃক্ত করতে চায়।’
আজ জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের জবাবে তিনি এ কথা বলেন। সংরক্ষিত নারী আসন-৪০-এর বিরোধীদলীয় (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মোছা. নাজমুন নাহার এ নোটিশ উত্থাপন করেন।
প্রস্তাবিত উদ্যোগের ব্যাখ্যা দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির মাধ্যমে চিনি ও ভোজ্যতেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে যৌথভাবে অর্থায়নের জন্য প্রায় ২০০ বা তারও বেশি বেসরকারি বিনিয়োগকারীকে আহ্বান জানানো হবে।
এ ব্যবস্থায় একজন বিনিয়োগকারী একটি পণ্য চালানের বিপরীতে ৫০ লাখ বা এক কোটি টাকা করে বিনিয়োগ করতে পারবেন। টিসিবি এসব পণ্য আমদানি করে বাজারমূল্যে বিক্রি করবে এবং অংশগ্রহণকারী বিনিয়োগকারীরা মুনাফার অংশ পাবেন।
মন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে বিপুল পরিমাণ মূলধনের প্রয়োজন হয়। ফলে এ ব্যবসায় বাজার কেন্দ্রীভূত হওয়া এবং একচেটিয়া ব্যবসার সুযোগ তৈরি হয়।
তিনি বলেন, ‘একটি জাহাজভর্তি চিনি আমদানি করতে ১০০ কোটি টাকার বেশি প্রয়োজন হয়। একই পরিমাণ মূলধন প্রয়োজন হয় এক জাহাজ ভোজ্যতেল আমদানিতেও। এত বিপুল বিনিয়োগের সক্ষমতা সবার থাকে না।’
তিনি বলেন, প্রস্তাবিত পিপিপি উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে সীমিতসংখ্যক ব্যবসায়ী গ্রুপের হাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি কেন্দ্রীভূত থাকার যে উদ্বেগ রয়েছে, তা মোকাবিলা করা সম্ভব হবে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকারের উদ্যোগ তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে নিয়মিত নজরদারি করা হচ্ছে। কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুতদারি, বাজার কারসাজি ও প্রতিযোগিতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, ‘কৃত্রিম সংকট, অবৈধ মজুতদারি ও বাজার কারসাজি প্রতিরোধে নিয়মিত বাজার তদারকি ও আইন প্রয়োগ কার্যক্রম অব্যাহত রয়েছে।’
বাণিজ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত ৫০০টির বেশি বাজার অভিযান পরিচালনা করেছে। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।
নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে টিসিবির ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে সারা দেশে প্রায় ৭৮ লাখ উপকারভোগী পরিবার প্রতি মাসে ভর্তুকিমূল্যে চাল, ডাল, ভোজ্যতেল ও চিনি পাচ্ছে।
তিনি জানান, এ কর্মসূচির আওতায় সরবরাহ করা পণ্যের পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা সরকারের রয়েছে।
নিত্যপ্রয়োজনীয় কয়েকটি পণ্যের মূল্য পরিস্থিতি তুলে ধরতে বাণিজ্যমন্ত্রী ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের নির্বাচিত পণ্যের দামের তুলনামূলক চিত্র সংসদে উপস্থাপন করেন।
তিনি বলেন, ‘আমরা এসব দাম নিয়ে কাজ করছি। আগামী দিনগুলোতে আমাদের উদ্যোগের সুফল দৃশ্যমান হবে।’
পণ্যমূল্য বৃদ্ধির বিষয়ে উদ্বেগের জবাবে মন্ত্রী বলেন, বাজারের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করাই মূল্য স্থিতিশীল রাখার ক্ষেত্রে সরকারের প্রধান কৌশল।
তিনি বলেন, ‘পণ্যের দাম স্থিতিশীল রাখার পেছনে একটিই দর্শন রয়েছে, আর তা হলো চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা।’
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ সন্তোষজনক থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ইনশাআল্লাহ, আগামী রমজানে যেসব পণ্য নিয়ে আমরা সাধারণত আলোচনা করি এবং বিশেষভাবে উদ্বিগ্ন থাকি, সেসব পণ্যের সরবরাহ সন্তোষজনক থাকবে।’
বাংলাদেশ সময়: ২৩:৪৪:০৫ ১০ বার পঠিত