কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬



কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ

দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে কাতারে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।

আজ কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল কাহতানি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে বাংলাদেশ সরকারের এই আগ্রহের কথা তুলে ধরা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

সাক্ষাতকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন এবং বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি নিয়োগের মতো ক্ষেত্রগুলোতে বিদ্যমান অব্যবহৃত সুযোগগুলো কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি বিভিন্ন খাতে বাংলাদেশি দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে কাতারের সঙ্গে শ্রম সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে বাংলাদেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।

কাতারের রাষ্ট্রদূত বাংলাদেশের কর্মীদের নিষ্ঠা, পরিশ্রম ও মর্যাদার কথা স্বীকার করে কাতারের অর্থনীতিতে তাদের অবদানের প্রশংসা করেন।

উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতামত বিনিময় করেন এবং বর্ধিত অর্থনৈতিক অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করার উপায় নিয়ে আলোচনা করেন।

বৈঠককালে রাষ্ট্রদূত আল কাহতানি দোহায় অনুষ্ঠেয় একটি আসন্ন সম্মেলনে যোগ দেওয়ার জন্য কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল খুলাইফি-এর পক্ষ থেকে দেওয়া একটি আমন্ত্রণপত্র হুমায়ুন কবিরের হাতে তুলে দেন।

এছাড়াও দুই পক্ষ দীর্ঘায়িত রোহিঙ্গা সংকট এবং এর টেকসই সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক যোগাযোগের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে রোহিঙ্গা ইস্যুতে ধারাবাহিক সমর্থন ও সহযোগিতার জন্য কাতার সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি এই সংকটের একটি টেকসই সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টায় কাতারের অব্যাহত সম্পৃক্ততা ও সহায়তা কামনা করেন।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার বিষয়ে বাংলাদেশ ও কাতারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৫৯   ৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ
কুমিল্লা বিভাগ করে ইজ্জতটা রক্ষা করুন: মনিরুল হক
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা
সৌরবিদ্যুৎ স্থাপন বিল দ্রুত সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত
হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান
সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর
আসন্ন রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ