মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

এক প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগে যা বললেন চিফ প্রসিকিউটর

প্রথম পাতা » আইন আদালত » এক প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগে যা বললেন চিফ প্রসিকিউটর
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬



এক প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগে যা বললেন চিফ প্রসিকিউটর

ভবিষ্যতে কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে সুতা পরিমাণ অভিযোগ পেলেই পরদিন তাকে টিম থেকে বাদ দিয়ে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

মঙ্গলবার (১০ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন,

ঘুষ চাওয়ার খবরটি শুনে আমি খুবই ব্যথিত হয়েছি। খবরটি দেখেই আমি তাৎক্ষণিকভাবে সব প্রসিকিউটরকে তলব করি। কিন্তু তিনি (সদ্য সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার) এর আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তিনি শিক্ষকতা পেশায় ফিরতে চান। তার কাছে থাকা সব নথি আমি আমার নিজের হেফাজতে নিয়ে এসেছি। যেই মামলাটি নিয়ে এই নিউজটি এসেছে সেটার সার্বিক পরিস্থিতি নিয়ে আমি খোঁজ নিয়েছি।

আমিনুল ইসলাম বলেন, ‘এমন ঘটনায় আমাদের ট্রাইব্যুনাল প্রশ্নবিদ্ধ হয়েছে। আমি আগেই বলেছি, কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে এমন অভিযোগ পেলে আমি একটুও ছাড় দেব না। অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেয়া উচিত ছিল। কেন নেয়নি, তা আমি জানি না।’

তিনি বলেন,

যদি কোনো ফরমাল অভিযোগ আমার কাছে আসে, আমার যতটুকু আইনানুগ ক্ষমতা, ততটুকু ব্যবস্থা আমি নেব। অভিযোগ সত্য কিনা তাও যাচাই করে দেখব। অভিযোগ না এলেও যেই অডিও ফাঁস হয়েছে, সেটার তদন্ত আমি আভ্যন্তরীণভাবে করবো।

‘এই বিষয়গুলো খতিয়ে দেখতে আমরা তদন্ত কমিটি গঠন করবো। আমাদের প্রয়োজনীয় করণীয় কী হওয়া উচিত, এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি’, যোগ করেন চিফ প্রসিকিউটর।

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে একটা সুতা পরিমাণ অভিযোগ পেলেও ধরে নেবেন পরদিন সে আর আমার টিমে নেই।’

বাংলাদেশ সময়: ১৩:১৭:৩২   ১০ বার পঠিত