বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

​সরিষাবাড়ীতে বাস মালিক-শ্রমিক রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৮, এলাকায় থমথমে পরিস্থিতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ​সরিষাবাড়ীতে বাস মালিক-শ্রমিক রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৮, এলাকায় থমথমে পরিস্থিতি
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬



​সরিষাবাড়ীতে বাস মালিক-শ্রমিক রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৮, এলাকায় থমথমে পরিস্থিতি

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বাসের হিসাব সংক্রান্ত বিবাদ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাস মালিক ও পরিবহন শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার শিমলা বাজার বাসস্ট্যান্ড ও থানা রোড এলাকায় এ রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এতে ইটপাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ‘তাইয়্যবা পরিবহন’-এর মালিক তারা মিয়া তার বাস চালানোর দায়িত্ব দিয়েছিলেন চালক আনিছুর রহমান আনিছকে। মালিকের অভিযোগ, চালক আনিছ বাসের আয়ের সঠিক হিসাব বুঝিয়ে দিচ্ছিলেন না। এই অভিযোগে তাকে বাস চালাতে নিষেধ করেন মালিক তারা মিয়া। এতে ক্ষুব্ধ হয়ে গত দুদিন ধরে চালক আনিছ মদ্যপ অবস্থায় মালিককে অকথ্য ভাষায় গালিগালাজ করে আসছিলেন।

​বৃহস্পতিবার রাতে বিসমিল্লাহ পরিবহনের অংশীদার মোতালেব হোসেন ও তার সহযোগীরা মালিক তারা মিয়ার পক্ষ নিয়ে চালক আনিছকে মারধর করেন। এই খবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা চরম আকার ধারণ করে। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসে। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুরো বাসস্ট্যান্ড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

​সংঘর্ষে গুরুতর আহতরা হলেন, তাইয়্যবা পরিবহনের মালিক মালিক তারা মিয়া (৫০) ও বিসমিল্লাহ পরিবহনের মালিক মোতালেব হোসেন।
অপরদিকে ​শ্রমিক আনিছুর রহমান আনিছ (৪০), ইউসুফ আলী, সাইফুল ইসলাম (৪২), শিবলু মিয়া (৪০), সাদ্দাম ও রঞ্জু মিয়া।

​আহতদের দ্রুত উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

​নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কিছু ব্যক্তি অভিযোগ করেছেন, পরিবহন খাতে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল শ্রমিকদের উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

​সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, “খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৫৭   ৬৬ বার পঠিত