সোমবার, ১৬ মার্চ ২০২৬

কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় খাল খনন একটি যুগান্তকারী পদক্ষেপ - শ্রমমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় খাল খনন একটি যুগান্তকারী পদক্ষেপ - শ্রমমন্ত্রী
সোমবার, ১৬ মার্চ ২০২৬



কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় খাল খনন একটি যুগান্তকারী পদক্ষেপ - শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় খাল খনন একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি জানান, খাল খনন সম্পন্ন হওয়ার পর এর দুই তীরে বিভিন্ন ফল ও ঔষধি গাছ রোপণ করতে হবে, যা একদিকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করবে, অন্যদিকে স্থানীয় অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে।

আজ মৌলভীবাজারে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার সদর উপজেলার কাটাগাং খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, খাল খননের ফলে সেচ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে। এতে বোরো ধানের ফলন বাড়ার পাশাপাশি কৃষকরা বছরে দুই ফসলের পরিবর্তে তিনটি ফসল চাষ করার সুযোগ পাবেন। এর ফলে দেশের খাদ্য নিরাপত্তা আরো সুসংহত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনসম্পৃক্ততার ওপর জোর দিয়ে মন্ত্রী আরো বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু করেছিলেন তখন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কোদাল হাতে নিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনে নেমে পড়েছিলেন। তিনি বিশ্বাস করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে যে বিশেষ মিশন নিয়ে কাজ করছেন, তা বাস্তবায়নে সাধারণ জনগণ আবারও স্বেচ্ছায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবে।

এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য নাসের রহমান (মৌলভীবাজার-৩), মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এবং বিএডিসি’র প্রধান প্রকৌশলী মুহাম্মদ বদরুল আলম।

বাংলাদেশ সময়: ২৩:২৭:৪১   ১৩ বার পঠিত