![]()
নারায়ণগঞ্জ শহরের একটি প্লাস্টিক ও লোহার ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় শহরের মোবারক শাহ রোডের বেপারিপাড়া এলাকায় বৃষ্টির সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।
এতে কোনো হতাহত না থাকলেও দুটি দোকান পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাদের দ্রুত তৎপরতায় প্রায় ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।
আগুনে ক্ষতিগ্রস্ত দোকান দুটি হলো প্লাস্টিক ব্যবসায়ী কালু বেপারী ও ভাঙারি ব্যবসায়ী সাগর আলীর।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ৯টার দিকে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:১৯:১১ ১১ বার পঠিত