
নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরের পূর্ব লামাপাড়ায় হাজী আমান উল্লাহ মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন।
বিদ্যালয়ের সভাপতি ও সমাজসেবক হাজী মো. আমান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. সাখাওয়াত হোসেন খান, সমাজসেবক মো. আসাদুজ্জামান, সংগঠনটির জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহাউদ্দিন এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাওসার আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম সজিব।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ ছাড়া অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে যেমন খুশি তেমন সাজো, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।
বাংলাদেশ সময়: ২৩:৫১:১৫ ৪ বার পঠিত