নারীর ফাঁদে ডেভেলপার কোম্পানির পরিচালক, গ্রেফতার ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারীর ফাঁদে ডেভেলপার কোম্পানির পরিচালক, গ্রেফতার ৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬



নারীর ফাঁদে ডেভেলপার কোম্পানির পরিচালক, গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট কেনার কথা বলে এক ডেভেলপার কোম্পানির পরিচালককে বাসায় ডেকে জিম্মি করে মারধর ও ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. আরিফ হোসেন (৩৮), মারুফা আক্তার (২৪) ও তানজিলা আক্তার ওরফে তানিয়া ওরফে রিয়া মনি (২০)। ভুক্তভোগী এ.টি.এম. গাউসুল ওয়াজেদ (৫২) স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের পরিচালক।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর ‘স্বপ্নের পৃথিবী’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ও ‘একটা ডালে দুইটা ফুল’ নামের একটি ইমো আইডি থেকে নাদিরা পরিচয়ে এক নারী গাউসুল ওয়াজেদের সঙ্গে যোগাযোগ করেন। ফ্ল্যাট কেনার আগ্রহ প্রকাশ করে বিভিন্ন সময়ে তাঁর সঙ্গে কথা বলেন ওই নারী।

এরই ধারাবাহিকতায় গত ২১ নভেম্বর সকালে ফ্ল্যাট কেনার বিষয়ে সরাসরি আলোচনার কথা বলে তাঁকে সিদ্ধিরগঞ্জের মাদানিনগর মাদরাসার বিপরীতে ডেকে নেওয়া হয়। সকাল সাড়ে ৮টার দিকে সেখানে পৌঁছালে ওই নারী তাঁকে রিকশায় করে ভূমিপল্লী আবাসিক এলাকার একটি বাসায় নিয়ে যান। সেখানে আগে থেকেই আরেক নারী উপস্থিত ছিলেন।

অভিযোগে বলা হয়, ফ্ল্যাট কেনার বিষয়ে আলোচনার একপর্যায়ে ওই দুই নারী তাঁকে অনৈতিক প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাঁকে ব্ল্যাকমেইলের চেষ্টা করা হয়। পরে ৬ থেকে ৭ জন পুরুষ কক্ষে প্রবেশ করে তাঁকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে জিম্মি করেন। এ সময় মুক্তির বিনিময়ে তাঁর কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়।

একপর্যায়ে চক্রের সদস্যরা তাঁর মোবাইল ফোন থেকে স্ত্রীকে কল দিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় শুরু করেন। অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগীর নগদ ও বিকাশ অ্যাকাউন্ট থেকে বিভিন্ন নম্বরে টাকা পাঠানো ও ক্যাশ আউটের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার টাকা নেওয়া হয়। এ ছাড়া ডাচ্-বাংলা ব্যাংকের ডেবিট কার্ড থেকে ৪২ হাজার, যমুনা ব্যাংকের ভিসা কার্ড থেকে ১১ হাজার এবং মানিব্যাগে থাকা নগদ ২০ হাজার টাকা নেওয়া হয়। সব মিলিয়ে ৩ লাখ ৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী।

গত ২১ নভেম্বর সকাল ৮টা ৪৫ মিনিট থেকে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত তাঁকে আটকে রাখা হয়। পরে ছেড়ে দেওয়ার সময় বিষয়টি কাউকে জানালে কিংবা আইনের আশ্রয় নিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মুক্তি পাওয়ার পর ঢাকায় ফিরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন গাউসুল ওয়াজেদ। পরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে এক বন্ধুকে নিয়ে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে ওই দিন রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার বিএম টাওয়ারের দ্বিতীয় তলার ২০১ নম্বর ফ্ল্যাটে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় পালানোর চেষ্টা করলে আরিফ হোসেনকে আটক করা হয়। পরে তাঁর ভাড়া বাসা থেকে মারুফা আক্তার ও তানজিলা আক্তারকে আটক করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, চক্রটির আরও কয়েকজন সদস্য রয়েছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিকে কৌশলে ফ্ল্যাটে ডেকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

এ ঘটনায় নাদিরা ও ইমরান ছদ্মনামে পরিচিত দুজনসহ অজ্ঞাতপরিচয় আরও ৫ থেকে ৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁদের গ্রেফতার ও লুণ্ঠিত টাকা উদ্ধারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:১২   ৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারীর ফাঁদে ডেভেলপার কোম্পানির পরিচালক, গ্রেফতার ৩
সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত
হাজী আমান উল্লাহ মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন
২ গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা
জনগণের ঐক্য করতে হলে গণভোটের রায় কার্যকর করতে হবে : আজহার
জাতীয় ঐক্যে যেতে সরকারকে যে শর্ত দিল এনসিপি
ঢাকা-১৩ আসনে ৭০ মহল্লায় নাগরিক কমিটি, এক প্ল্যাটফর্মেই সমাধান : ববি হাজ্জাজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ