মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

কৃষিজাত পণ্যকে শিল্পায়নের হাতিয়ারে পরিণত করতে হবে : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » কৃষিজাত পণ্যকে শিল্পায়নের হাতিয়ারে পরিণত করতে হবে : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬



কৃষিজাত পণ্যকে শিল্পায়নের হাতিয়ারে পরিণত করতে হবে : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, রংপুর অঞ্চল শস্যের ভান্ডার হলেও পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে এই অঞ্চলের মানুষের দারিদ্রতা লেগেই আছে। এই অঞ্চলের উদ্বৃত্ত কৃষি ও কৃষিজাত পণ্য থেকে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন হবে।

তিনি বলেন, উত্তরাঞ্চলের কৃষি পণ্য ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে কীভাবে শিল্পায়ন করা যায়, সে বিষয়ে সরকার বৃহৎ পরিকল্পনা গ্রহণ করছে।

আজ মঙ্গলবার লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সরকার পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে অগ্রাধিকার দিয়ে শিল্প-কলকারখানা স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। এসব এলাকায় উৎপাদিত পণ্যের ওপর কী ধরনের শিল্প কলকারখানা স্থাপন করা যায়, সে বিষয়ে যাচাই-বাছাই চলছে।

এ ছাড়া, আগামী বাজেটে এই অঞ্চলের কর্মসংস্থান বৃদ্ধিও ব্যাপক গুরুত্ব পাবে। সরকারের বৃহৎ পরিকল্পনাগুলো বাস্তবায়নে মন্ত্রী সবার সহযোগিতা কামনা করেন।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সংকটকে সুযোগে পরিণত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমাদের লক্ষ্য সমতাভিত্তিক উন্নয়ন, বিশেষ করে যেসব অঞ্চল উন্নয়ন বৈষম্যের শিকার, সেগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া। বন্ধ কলকারখানা চালুসহ কৃষি ও কৃষিজাত পণ্যভিত্তিক কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলাও এই পরিকল্পনার অন্তর্ভুক্ত।

উদ্যোক্তা তৈরিতে সরকারি উদ্যোগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তা তৈরিতে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। তিনি আরো বলেন, আগামী বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হবে।

লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দিন বাবুল, কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান, কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী প্রমুখ।

সভায় সরকারি কর্মকর্তা, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৩৭:০৫   ৮ বার পঠিত