মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

প্রথম পাতা » চট্টগ্রাম » ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬



ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আক্তার মিয়া ও হাবিব মিয়া নামে দুইজন নিহত হয়েছেন।এতে আহত হয়েছেন উভয় গোষ্ঠীর অন্তত ৩০ জন।

আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে পূর্ব শত্রুতার জেরে এ সংঘর্ষ শুরু হয়। এতে আহত হয়েছেন উভয় গোষ্ঠীর অন্তত ৩০ জন।আহতদেরকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে গোয়ালনগর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগে বিএনপির সমর্থক রহিম তালুকদার গোষ্ঠীর জিয়াউর রহমানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ১০ দিনের কারাদণ্ড দেন। এ ঘটনায় জিয়াউর রহমান একই গ্রামের কাসেম মিয়ার গোষ্ঠীর শিশু মিয়াকে সন্দেহ করে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন।

বিষয়টি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলে আসছিল। এর জের ধরে গত কয়েকদিন আগেও দুই গোষ্ঠী সংঘর্ষে জড়ায়। একই ঘটনায় আজ মঙ্গলবার সকালে ফের রহিম গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর লোকজন টেঁটা-বল্লম নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে টেঁটাবিদ্ধ হয়ে আক্তার মিয়া ও হাবিব মিয়া মারা যান। আহত হন উভয়পক্ষের অন্তত ৩০ জন।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, হাসপাতালে দুইজন চিকিৎসা নিতে এসেছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, পূর্ব বিরোধের জেরে দুই পক্ষ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:২৩   ২৪ বার পঠিত