শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র, উচ্চশিক্ষায় নতুন বিপ্লব

প্রথম পাতা » ছবি গ্যালারী » মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র, উচ্চশিক্ষায় নতুন বিপ্লব
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬



মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র, উচ্চশিক্ষায় নতুন বিপ্লব

উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও শিক্ষাবান্ধব করতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার প্রস্তাবিত এই স্থানটি পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, এই আঞ্চলিক কেন্দ্রটি বাস্তবায়িত হলে রাজশাহী ও রংপুর বিভাগের লাখ লাখ শিক্ষার্থী ও শিক্ষকের দীর্ঘদিনের প্রশাসনিক ভোগান্তির অবসান ঘটবে। বর্তমানে রেজিস্ট্রেশন, ফরম ফিলাপসহ নানা দাপ্তরিক কাজের জন্য এই অঞ্চলের মানুষকে ঢাকা ছুটতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। নতুন এই কেন্দ্র চালু হলে ঘরের কাছেই সব সেবা পাওয়া সম্ভব হবে।

প্রস্তাবিত এই প্রকল্পের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে একটি উন্নতমানের ‘টিচার্স ট্রেনিং সেন্টার’। এখানে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এর ফলে উত্তরাঞ্চলের কলেজগুলোর শিক্ষার গুণগত মানে আমূল পরিবর্তন আসবে বলে আশা করছে শিক্ষা সংশ্লিষ্ট মহল।

মহাস্থানের মতো ঐতিহাসিক ও ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ স্থানে এই কেন্দ্র স্থাপনকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। স্থানীয়দের মতে, এই উদ্যোগ কেবল শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করবে না, বরং উত্তরাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নেও নতুন দিগন্ত উন্মোচন করবে।

বাংলাদেশ সময়: ১৬:১৯:০১   ১২ বার পঠিত