![]()
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য শহিদুল ইসলাম সোহেলের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি নুরু বিশ্বাস (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের রঘুয়ারকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, এর আগে বুধবার রাতে ভুক্তভোগীর বড় ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য কাইয়ুম শিকদার (৫৫) বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত নুরু বিশ্বাস উপজেলার ভাওয়াল গ্রামের আলী বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, সালথা বাজারের জননী সুপার মার্কেটের নিচতলায় নুরু বিশ্বাস ও তার সহযোগীরা নিয়মিত ইয়াবা বিক্রি ও গাঁজা সেবন করতেন। বুধবার সন্ধ্যায় ওই মার্কেটের ভেতরে মাদক সেবনে বাধা দেন ক্লিনিক ব্যবসায়ী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য শহিদুল ইসলাম সোহেল। এতে ক্ষিপ্ত হয়ে নুরু বিশ্বাস ও তার সহযোগীরা লাঠিসোটা নিয়ে ক্লিনিকে ঢুকে তার ওপর হামলা চালায়।
ঘটনার পর প্রধান আসামি নুরু বিশ্বাস আত্মগোপনে চলে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশের একটি দল।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, এ ঘটনায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হবে। পাশাপাশি ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:১০:১৪ ১৬ বার পঠিত