শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬



চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে দারুণ এক জয়ে বাছাইপর্ব শেষ করেছে বাংলাদেশ হকি দল। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপেকে ৩-২ গোলে হারিয়ে নিজেদের অবস্থান আরো শক্ত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আগেই সেরা ছয়ে থেকে এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ। তবে এই ম্যাচটি ছিল র‌্যাংকিং আরো উন্নত করার সুযোগ, আর সেই লক্ষ্য পূরণে দারুণ পারফরম্যান্স দেখায় লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। সপ্তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। যদিও প্রথম কোয়ার্টারেই ওয়ে চেং জি গোল করে সমতা ফেরান চাইনিজ তাইপেকে।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই আবারও পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন আশরাফুল।
তবে তৃতীয় কোয়ার্টারের শুরুতে লো হাউ-কাই গোল করে ম্যাচে আবার সমতা আনেন।

এরপর ম্যাচের ভাগ্য গড়ে দেন মেহরাব হোসেন। ৩৮তম মিনিটে তার করা ফিল্ড গোলেই এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত সেই লিড ধরে রেখে গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করে দল।

এই জয়ের মাধ্যমে বাছাইপর্ব শেষেও তৃপ্তি যোগ হলো বাংলাদেশের জন্য। টুর্নামেন্টের শুরুতে চাইনিজ তাইপেকে ৪-৩ ব্যবধানে হারালেও শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হেরে যায় তারা। পরে উজবেকিস্তানের সঙ্গে ১-১ ড্র করে স্থান নির্ধারণী পর্বে খেলতে হয়।

সেই পর্বে হংকং চীনের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে নির্ধারিত সময়ে ৪-৪ ড্রয়ের পর শুটআউটে ৩-২ ব্যবধানে জিতে এশিয়ান গেমসে খেলার টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।

উল্লেখ্য, এশিয়ান গেমসের হকিতে এটি হবে বাংলাদেশের ১২তম অংশগ্রহণ।
এর আগে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ হওয়াই ছিল তাদের সেরা সাফল্য। এবার সেই রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়েই আগামী সেপ্টেম্বরে জাপানের আচি ও নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসে অংশ নেবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৭:০৩:২৯   ১১ বার পঠিত