শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

​সরিষাবাড়ীতে গরু বোঝাই ‘ফাইটার’ উল্টে ১০ ব্যবসায়ী আহত, ময়মনসিংহে রেফার্ড-৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » ​সরিষাবাড়ীতে গরু বোঝাই ‘ফাইটার’ উল্টে ১০ ব্যবসায়ী আহত, ময়মনসিংহে রেফার্ড-৪
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬



​সরিষাবাড়ীতে গরু বোঝাই ‘ফাইটার’ উল্টে ১০ ব্যবসায়ী আহত, ময়মনসিংহে রেফার্ড-৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে হাট থেকে গরু বিক্রি করে ফেরার পথে একটি দ্রুতগতির ‘ফাইটার’ (স্থানীয় যান) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) রাত পৌনে ৭টার দিকে উপজেলার তারাকান্দি-ভূয়াপুর মহাসড়কের চেঁচিয়েবাধা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পিংনা গোপালগঞ্জ হাট থেকে গরু বিক্রি শেষে একদল ব্যবসায়ী একটি ফাইটার গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চেঁচিয়েবাধা এলাকায় পৌঁছালে দ্রুতগতির গাড়িটির সামনের চাকার বাম্পার হঠাৎ ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি মহাসড়কের ওপরই উল্টে যায়।
​এক প্রত্যক্ষদর্শী জানান, “গাড়িটি বেশ দ্রুত গতিতে যাচ্ছিল। হঠাৎ চাকার বাম্পার ভেঙে উল্টে গেলে ব্যবসায়ীরা গাড়ির নিচে চাপা পড়েন। আমরা স্থানীয়রা দ্রুত এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।”

​দুর্ঘটনায় গাড়িতে থাকা ১০ জন আরোহীর মধ্যে সবাই কমবেশি আহত হয়েছেন, যার মধ্যে ৬ জনের আঘাত অত্যন্ত গুরুতর। আহতদের মধ্যে রয়েছেন:
​মনির উদ্দীন, আবু বক্কর সিদ্দিক, আশেক মিয়া,
​শাহীন মিয়া, মিলন ফকির, শাহজাহান আলী, জাফর ইকবাল বাতেন ও চালক সবুজ মিয়া।

​আহত ব্যবসায়ীদের সবার বাড়ি উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর জামিয়া এলাকায় বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া দুর্ঘটনায় গাড়িতে থাকা একটি বড় ষাঁড় গরুও মারাত্মকভাবে জখম হয়েছে।

​দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে ফাইটার চালক সবুজ মিয়া, গরুর ব্যবসায়ী জাফর ইকবাল, বাতেন ও আবু বক্করের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

​বাকিদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন এবং কয়েকজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। দুর্ঘটনার ফলে তারাকান্দি-ভূয়াপুর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৩৭   ১০ বার পঠিত