![]()
জামালপুর প্রতিনিধি : প্রেমের কোনো সীমানা নেই, আর তার প্রমাণ দিতেই পটুয়াখালী থেকে জামালপুরের মাদারগঞ্জে ছুটে এসেছেন ৪১ বছর বয়সী এক নারী। ৫ সন্তানের জননী হওয়া সত্ত্বেও দীর্ঘদিনের প্রেমিক কবির হোসেনের (২৫) বাড়িতে বিয়ের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন তিনি।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাঁশদাইড় গ্রামে এই ঘটনাটি ঘটে। অনশনরত নারীর নাম চম্পা (৪১)। তিনি পটুয়াখালী জেলার বাসিন্দা। চম্পার দাবি, বাঁশদাইড় গ্রামের আসান আলীর ছেলে কবির হোসেনের সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের টানেই তিনি সংসার ও সন্তানদের মায়া ত্যাগ করে পটুয়াখালী থেকে এখানে ছুটে এসেছেন।
চম্পা গত কয়েকদিন ধরে কবিরের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছেন। তবে চম্পার আসার খবর পেয়েই বাড়ি থেকে গা-ঢাকা দিয়েছেন অভিযুক্ত কবির। এদিকে, ৫ সন্তানের জননীর এমন কাণ্ড দেখতে গ্রামজুড়ে উৎসুক জনতার ভিড় জমেছে।
অনশনরত চম্পা জানান, “কবিরের সাথে আমার দীর্ঘদিনের ভালোবাসা। ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। এখন সে পালিয়ে থাকলেও আমি তাকে ছাড়া ফিরব না। হয় কবির আমাকে বিয়ে করবে, না হয় আমি এখানেই মরব।”
আদারভিটা ইউনিয়নের বাঁশদাইড় গ্রামের বাসিন্দারা জানান, বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে প্রেমিক কবির পলাতক থাকায় এবং পারিবারিকভাবে কোনো সমাধান না হওয়ায় পরিস্থিতি এখনো অমীমাংসিত রয়েছে।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা বা সামাজিক মীমাংসার চেষ্টা চলছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, এবিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত কবির হোসেন পলাতক রয়েছেন এবং চম্পা তার দাবিতে অটল থেকে অনশন চালিয়ে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ২৩:১৪:৪৮ ১১০ বার পঠিত