তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ - সমাজকল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ - সমাজকল্যাণ মন্ত্রী
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬



তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ - সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেন, তৃণমূলের উদ্যোক্তাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই বাংলাদেশের অর্থনীতিকে স্বনির্ভরতার দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে পারে। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক অস্থিতিশীল ও সংকটপূর্ণ পরিস্থিতিতে স্বাবলম্বী হওয়াই একটি জাতির টিকে থাকার প্রধান শক্তি। সেক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাতকে শক্তিশালী করার মাধ্যমে দেশের স্থানীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাই হতে পারে আমাদের টেকসই উন্নয়নের উপায়।

মন্ত্রী আজ ঢাকার বেইলী রোডে বাংলাদেশ মহিলা সমিতিতে ‘চয়নিকা নারী উদ্যোক্তা উৎসব ২০২৬’ এর উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা তামান্না রহমান। এ সময় বিশ্ববরেণ্য ফ্যাশন আইকন ও ইউনেস্কো আর্টিস্ট ফর পিস বিবি রাসেল উপস্থিত ছিলেন।

নারী উদ্যোক্তাদের দেশের অর্থনীতির শক্তিশালী চালিকাশক্তি উল্লেখ করে মন্ত্রী বলেন, নারী উদ্যোক্তারা কুটির শিল্প, কৃষিভিত্তিক ব্যবসা, ফ্যাশন, হস্ত শিল্প, ফুড প্রসেসিংসহ অন্যান্য ছোট ছোট কাজে নিজেদের সম্পৃক্ত করার মাধ্যমে অর্থ উপার্জন করছেন। এভাবে তারা শুধু নিজের পরিবারকেই স্বাবলম্বী করছেন না, তারা দেশের স্থানীয় পর্যায়ে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন বাজার তৈরির মাধ্যমে জাতীয় অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

মন্ত্রী তাঁর নিজের নির্বাচনি এলাকাসহ সারাদেশের তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের চাহিদার কথা উল্লেখ করে বলেন, তৃণমূল পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ খুব কম। গ্রামের মানুষদের কীভাবে কর্মোপযোগী করা যায়, গ্রামে উৎপাদিত পণ্যের বাজারজাত কীভাবে সহজ প্রক্রিয়ায় নিশ্চিত করা যায় সেদিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। নারী উদ্যোক্তারা এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে পারেন বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত নারী উদ্যোক্তাদের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের কার্যক্রম শুধুমাত্র শহরকেন্দ্রিক না হয়ে যেন গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ প্রসারিত হয়, তারা যাতে ঘরে বসেই তাদের উৎপাদিত পণ্য সহজে বাজারজাত করতে পারে।

বিবি রাসেল তার বক্তৃতায় সকল নারী উদ্যোক্তাদের দেশীয় ঐতিহ্য এবং সংস্কৃতি বাঁচিয়ে রাখার আহ্বান জানিয়ে বলেন, আমার অনুপ্রেরণার উৎস বাংলাদেশের সাধারণ মানুষ। এই দেশের মানুষ আমাকে স্বপ্ন দেখিয়েছে বলেই আমি ফ্যাশনে উদ্যোগী হয়েছি এবং সফল হতে পেরেছি। মডেলিং আমাকে পুরো পৃথিবী দেখিয়েছে যার মাধ্যমে আমি বিভিন্ন দেশের সংস্কৃতি জেনেছি। তবে কখনো নিজস্বতা হারিয়ে ফেলিনি। আমার সকল কাজের মাধ্যমে সবসময় দেশকে তুলে ধরার চেষ্টা করেছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ঢাকা লেডিস ক্লাবের সভাপতি আনিসা হক, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, বাংলাদেশের পতাকাবাহী প্রথম বিশ্বজয়ী পরিব্রাজক নাজমুন নাহার।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উৎসবের স্বাক্ষর বোর্ড উদ্বোধন করেন এবং নারী উদ্যোক্তাদের মাঝে তাদের সৃজনশীল প্রচেষ্টা ও মেধার স্বীকৃতিস্বরূপ সনদপত্র বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২৩:১১:১৫   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করাই কৃষক কার্ডের লক্ষ্য : মাহদী আমিন
চরম বেকায়দায় ডোনাল্ড ট্রাম্প
সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাস লাইনে বিস্ফোরণ, স্থানীয়দের চেষ্টায় আগুন
হকারমুক্ত ও যানজটমুক্ত নারায়ণগঞ্জ জনগণের অধিকার: মামুন মাহমুদ
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কুমিল্লার ভূমিকা ছিল অগ্রগামী
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী
সরকার পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জ্বালানি খাতে আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ঢাকা
হকার উচ্ছেদে ঐতিহাসিক দিবস সৃষ্টি হয়েছে: এমপি আবুল কালাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ