![]()
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : “এসো হে বৈশাখ, এসো এসো”—এই চিরন্তন আহ্বানকে ধারণ করে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল, প্রাণবন্ত ও উৎসবমুখর বর্ষবরণ অনুষ্ঠান। দিনব্যাপী নানা আয়োজনে কলেজ প্রাঙ্গণ পরিণত হয় এক প্রাণের মিলনমেলায়, যেখানে ঐতিহ্য ও তারুণ্যের মেলবন্ধনে ছড়িয়ে পড়ে বৈশাখী উচ্ছ্বাস।
১লা বৈশাখ উপলক্ষে সকালে কলেজ চত্বর থেকে বের হয় এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। রঙিন ব্যানার, ফেস্টুন, মুখোশ ও ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি হয়ে ওঠে দৃষ্টিনন্দন ও প্রাণবন্ত। শোভাযাত্রাটি আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম. এম. মুজিবুর রহমান মুজিব।
তিনি তাঁর বক্তব্যে বলেন,পহেলা বৈশাখ আমাদের বাঙালিত্বের অহংকার। এই উৎসব আমাদের ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতিকে নতুনভাবে উপলব্ধি করতে শেখায়। নতুন বছর আমাদের জন্য হোক নতুন সম্ভাবনার দ্বার।
কলেজের দাতা ও বিদ্যোৎসাহী সদস্য মো. তাজমিনউর রহমান (তুহিন) বক্তব্যে বলেন,তরুণরাই আগামীর ভবিষ্যৎ। বৈশাখের এই চেতনা ধারণ করে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে এগিয়ে যেতে হবে।
সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠু ও প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আরিফুজ্জামান, যার দক্ষ উপস্থাপনায় অনুষ্ঠানটি আরও প্রাণময় ও আকর্ষণীয় হয়ে ওঠে।
এ সময় কলেজের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সব মিলিয়ে রঙের উচ্ছ্বাস, ঐতিহ্যের স্পর্শ ও তারুণ্যের প্রাণচাঞ্চল্যে আলফাডাঙ্গা আদর্শ কলেজে পহেলা বৈশাখ উদযাপন পরিণত হয় এক স্মরণীয় ও গর্বিত উৎসবে।
বাংলাদেশ সময়: ১৭:০৮:১৭ ১৭ বার পঠিত