বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সংসদে মোবাইল ফোনে কথা বলা ও চলাফেরা: এমপিদের সতর্ক করলেন ডেপুটি স্পিকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদে মোবাইল ফোনে কথা বলা ও চলাফেরা: এমপিদের সতর্ক করলেন ডেপুটি স্পিকার
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬



সংসদে মোবাইল ফোনে কথা বলা ও চলাফেরা: এমপিদের সতর্ক করলেন ডেপুটি স্পিকার

জাতীয় সংসদ অধিবেশন চলাকালীন সময়ে সংসদ কক্ষে এমপিরা যতেচ্ছ মোবাইল ফোনে উচ্চস্বরে কথা বলছেন এবং যত্রতত্র চলাফেরা নিয়ন্ত্রণে কঠোর বার্তা দিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও চিফ হুইপ নুরুল ইসলাম।
ডেপুটি স্পিকার বলেন, অধিবেশন চলাকালীন সংসদ কক্ষের ভেতর কেউ ফোনে কথা বলতে পারবেন না এবং ছবি তোলাও সম্পূর্ণ নিষিদ্ধ।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের বিকেলের অধিবেশনে প্যানেল স্পিকার হিসেবে সভাপতিত্ব করার সময় তিনি এই রুলিং দেন। এ সময় ডেপুটি স্পিকারের দৃষ্টি আকর্ষণের পর চিফ হুইপ নূরুল ইসলামও সংসদ সদস্যদের সংসদের শিষ্টাচার ও বিধিমালা মেনে চলার আহ্বান জানান।

ঘটনার সূত্রপাত হয় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানের বক্তব্যের সময়। তাকে কথা বলার জন্য সাত মিনিট সময় দেওয়া হয়। কিন্তু বক্তব্য শুরুর কিছুক্ষণ পরই তাকে থামিয়ে দেন ডেপুটি স্পিকার। এরপর তিনি সরাসরি চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করেন।
ডেপুটি স্পিকার বলেন, ‘চিফ হুইপ, আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চাই। অনেক সংসদ সদস্য সংসদের ভেতর থেকে ‘ওভার দ্য ফোন’ কথা বলছেন। আওয়াজটা এই পর্যন্ত আসছে। নিশ্চয়ই যারা বক্তব্য রাখছেন বা শুনছেন, অন্যদের ক্ষেত্রে এটা ডিস্টার্ব হচ্ছে। একটু যদি দেখতেন আপনি প্লিজ।’

স্পিকারের আহ্বানে সাড়া দিয়ে চিফ হুইপ নূরুল ইসলাম দাঁড়িয়ে সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, স্পিকার এই মাত্র যে কথাটি বললেন, আপনারা সবাই তা শুনেছেন। বিষয়টা মনে হয় এখানেই নিষ্পত্তি হতে পারে। সদস্যবৃন্দ, স্পিকারের মাধ্যমে আপনাদের সকলকে অনুরোধ করছি—হাউজের মধ্যে আমরা আর কেউ কথা না বলি। কথা বলতে হলে আমরা বাইরে গিয়ে বলব। আমরা ভেতরে কথা বলছি, সেই আওয়াজ স্পিকারের কান পর্যন্ত পৌঁছেছে, অতএব আমাদের সচেষ্ট থাকতে হবে।

চিফ হুইপ এ সময় সংসদের ‘ফ্লোর ক্রস’ বা চলাচলের নিয়মের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘আরেকটি বিষয় ক্লিয়ার করি, ফ্লোর ক্রস করা যাবে না। যখন কোনো সদস্য স্পিকারের সাথে কথা বলেন বা বক্তব্য দেন, তার মাঝখান দিয়ে কেউ আসা-যাওয়া করবেন না। এটাই নিয়ম, রুলস অব প্রসিডিউরেও এটি আছে। যদি কাউকে আসতেই হয়, তবে পেছন দিয়ে ঘুরে আসবেন। এই কাজটাই দয়া করে ফলো করবেন।

মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে চিফ হুইপ আরও বলেন, ‘ফোনের ব্যাপারটা মনে রাখবেন। আর কেউ হাউজের মধ্যে ছবি তুলবেন না। এটা সংসদীয় প্রসিডিউর -এর পরিপন্থী।

বাংলাদেশ সময়: ২২:০৯:২৯   ৫৩ বার পঠিত