![]()
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার কৃষ্ণপুরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী রিফাত অটো পার্টসের মালিক শাজাহানকে ৩ হাজার টাকা, ইনসাফ অটো পার্টসের মালিক হাবিবুরকে ৭ হাজার টাকা এবং খাজা গরিবে নেওয়াজ প্রতিষ্ঠানের মোতালিবকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, ‘অনুমোদন ছাড়া খোলা বাজারে অকটেন, ডিজেল ও পেট্রোল বিক্রি ঝুঁকিপূর্ণ এবং দণ্ডনীয় অপরাধ। এতে অগ্নিকাণ্ডসহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে।’
তিনি আরো জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।
বাংলাদেশ সময়: ২৩:১৪:৫৭ ১৩ বার পঠিত