৭ নভেম্বরকে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের দিন হিসেবে উল্লেখ করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৭ নভেম্বরকে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের দিন হিসেবে উল্লেখ করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
শনিবার, ৭ নভেম্বর ২০২৬



৭ নভেম্বরকে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের দিন হিসেবে উল্লেখ করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, ঐতিহাসিক ৭ নভেম্বর আধিপত্য ও দুঃশাসনের বিরুদ্ধে সিপাহী-জনতার বিজয়ের দিন।

তিনি বলেন, ১৯৭১ সালের পর মতপ্রকাশের স্বাধীনতা হরণ, বাকশাল প্রতিষ্ঠা এবং দুর্ভিক্ষ ও দুঃশাসনের বিরুদ্ধে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছিল। দেশি-বিদেশি আগ্রাসন ও আধিপত্যবাদের হাত থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সাধারণ মানুষ ও দেশপ্রেমিক সেনাবাহিনী একযোগে রাজপথে নেমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে দেশের দায়িত্ব অর্পণ করেছিল।

আজ শনিবার (৭ নভেম্বর) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত ডিসপ্লে ও ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে প্রতিবন্ধী শিশু-কিশোরদের নিয়ে সেরিব্রাল পালসি দিবস উদযাপনের ব্যতিক্রমী র‌্যালিতে অংশ নেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের সচেতন করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৪ সালে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় শাসন প্রতিষ্ঠা, রক্ষীবাহিনীর নিপীড়ন এবং দুর্ভিক্ষের মধ্য দিয়ে দেশকে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। ২০২৪ সালের পূর্ববর্তী ফ্যাসিবাদী আমলেও জনগণ একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। ’২৪ সালে যেভাবে তরুণ সমাজ দেশকে মুক্ত করতে জেগে উঠেছিল, ঠিক একইভাবে ’৭৫ সালেও সিপাহী-জনতা প্রতিরোধ গড়ে তুলেছিল।

তিনি বলেন, কোনো আগ্রাসী বা আধিপত্যবাদী শক্তি যেন আর কখনো জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নিতে না পারে, সে জন্য সেনাবাহিনী, তরুণ সমাজ ও সাধারণ মানুষকে ৭ নভেম্বরের ঐক্য ও সংহতির চেতনা ধরে রাখতে হবে।

তরুণদের দেশ গড়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্র ধারণ করে তরুণ প্রজন্মকেই আগামী দিনে সুখী, সমৃদ্ধ ও সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ লক্ষ্য অর্জনে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে নিজেদের বিকশিত করার তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোর ও তাদের পরিবারের সদস্য এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭:২৫:১৪   ১২ বার পঠিত   #  #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


৭ নভেম্বর উপলক্ষে ভোলায় বিএনপির র‌্যালি ও আলোচনা সভা
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
প্রথম টেস্ট সেঞ্চুরিতেই দ্বিশতক, বাংলাদেশের ইতিহাসে হৃদয়
৭ নভেম্বরকে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের দিন হিসেবে উল্লেখ করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে সার্বভৌমত্ব র‌্যালিতে নেতৃত্ব দিলেন তারেক রহমান
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়াল সরকার, নিয়োগ দেওয়া হবে নারী সদস্য
অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
জুলাই গণঅভ্যুত্থান ৭ নভেম্বরের চেতনায় অনুপ্রাণিত: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ