![]()
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে চলতি বছরের ১৫ এপ্রিল পর্যন্ত ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ২০১ দশমিক ৭১ মিলিয়ন ডলার। তিনি বলেন, দেশের ভঙ্গুর আর্থিক খাত পুনরুদ্ধার, স্থিতিশীল করা এবং ধাপে ধাপে শক্তিশালী করার জন্য সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।
এ উদ্দেশ্যে গত ১০ এপ্রিল অর্থ বিভাগের কো-অর্ডিনেশন কাউন্সিল সভায় মুদ্রানীতি, রাজস্বনীতি, বিনিময় হার নীতি এবং মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক কাঠামোর একটি সমন্বিত কৌশল উপস্থাপন করা হয় এবং ২০২৬-২৭ থেকে ২০২৮-২৯ অর্থবছরের জন্য প্রস্তাবিত কাঠামো অনুমোদিত হয় বলে তিনি জানান।
তিনি বলেন, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার ১০ শতাংশে বহাল রয়েছে। জুলাই ২০২৪-এ খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৪.১০ শতাংশ, যা মার্চ ২০২৬-এ কমে ৮.২৪ শতাংশে নেমে এসেছে। বর্তমানে বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থা কার্যকর রয়েছে।
অর্থমন্ত্রী আরও বলেন, ভঙ্গুর ও সংকটে থাকা উৎপাদন ও আর্থিক কার্যক্রমকে সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিশেষ সহায়তামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মুদ্রার অবমূল্যায়নের কারণে ব্যবসায়ীদের মূলধনে যে চাপ সৃষ্টি হয়েছে, সে বিষয়েও কেন্দ্রীয় ব্যাংক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি বলেন, পুঁজিবাজারে স্বচ্ছতা ও আস্থা পুনঃপ্রতিষ্ঠা সরকারের অগ্রাধিকারভুক্ত। এ লক্ষ্যে পুঁজিবাজার সংস্কার কমিশন গঠন, শক্তিশালী বন্ড ও ইক্যুইটি মার্কেট গড়ে তোলা, ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার, প্রবাসীদের জন্য ইনভেস্টমেন্ট গেটওয়ে চালু এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে।
অর্থমন্ত্রী জানান, আর্থিক খাতের পুনরুদ্ধারকে টেকসই করতে সরকার মধ্যমেয়াদি কাঠামোতে বিভিন্ন সামষ্টিক সূচকের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ২০২৬-২৭ অর্থবছরের জন্য মূল্যস্ফীতি, ব্যাপক মুদ্রা সরবরাহ এবং বেসরকারি খাতে ঋণপ্রবাহ প্রবৃদ্ধির লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এই সমন্বিত নীতিকাঠামো দেশের আর্থিক খাতে শৃঙ্খলা, আস্থা এবং কার্যকর অর্থায়ন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ সময়: ২৩:২৪:০২ ১১ বার পঠিত