শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

টেকনাফে বিদেশি পিস্তলসহ ‘ডন রাসেল’ আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » টেকনাফে বিদেশি পিস্তলসহ ‘ডন রাসেল’ আটক
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬



টেকনাফে বিদেশি পিস্তলসহ ‘ডন রাসেল’ আটক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ মো. রাসেল (৩৬) ওরফে ‘ডন রাসেল’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

আটক রাসেল টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের সিকদারপাড়ার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং এলাকার সিকদার পাড়ায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ডের একটি দল।
অভিযানের সময় রাসেলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক রাসেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, মানবপাচার এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এলাকায় আধিপত্য বিস্তারের জন্য সে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড আরো জানায়, রাসেলের বিরুদ্ধে মাদক, মানবপাচার ও অস্ত্র সংক্রান্ত মোট আটটি মামলা রয়েছে। এর আগে একাধিকবার টেকনাফ থানা পুলিশ তাকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছিল। আটক আসামি ও জব্দ করা অস্ত্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

বাংলাদেশ সময়: ১৮:২৫:০২   ১৯ বার পঠিত