![]()
বরিশালে হাম-রুবেলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব মো. খোরশেদ আলম।
রোববার (২৬ এপ্রিল) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মূলত হাম-রুবেলা টিকা ক্যাম্পেইনের অগ্রগতি পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি এই পরিদর্শনে আসেন।
তিনি বলেন, সারাদেশে চলমান টিকাদান কর্মসূচির ইতিবাচক প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে এবং এর ধারাবাহিকতায় সংক্রমণ পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক পর্যায়ে আসবে।
অতিরিক্ত সচিব মো. খোরশেদ আলম বলেন, হাম-রুবেলা হঠাৎ করে দেশে প্রাদুর্ভাব শুরু হয়েছে। তবে এখন যে ক্যাম্পেইন চলছে, তাতে পরিবেশ অনেকটাই উন্নত হয়েছে। খুব শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আমরা আশা করছি। সরকার এই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং দেশের প্রতিটি এলাকায় টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।
স্বাস্থ্য খাতের বর্তমান চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, শিশুদের চিকিৎসায় আইসিইউ সংকট একটি বড় সমস্যা হিসেবে রয়েছে। তবে আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করার আশ্বাস দেয়া হয়েছে। অর্থ বরাদ্দ বাড়লে আইসিইউ সুবিধা বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ দেয়া সম্ভব হবে।
তিনি বলেন,আগামী দুয়েক বছরের মধ্যে দেশের স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন ঘটবে। স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক, সহজলভ্য ও কার্যকর করার লক্ষ্যে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।
পরিদর্শন শেষে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবার মান, রোগীদের সুবিধা-অসুবিধা ও চিকিৎসা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনীর, সিভিল সার্জন ডা. এস এম মনজুর এ এলাহি এবং স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৭:১৯:২৯ ১২ বার পঠিত