![]()
ভারতীয় টিভি চ্যানেলের জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘কিঁউকি সাস ভি কাভি বহু থি’র নতুন সিজনে কাস্টিং ইস্যু নিয়ে নেটদুনিয়ায় বইছে সমালোচনার ঝড়। অভিনয়শিল্পীদের বয়সের সাথে পর্দার চরিত্রের সামঞ্জস্য না থাকায় নেতিবাচক মন্তব্য করছেন নেটিজেনরা।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, ২০০০ সালে শুরু হওয়া ‘কিঁউকি সাস ভি কাভি বহু থি’ সিরিয়ালে ‘তুলসি’ চরিত্রে অভিনয় করে ভক্তমহলে ব্যাপক সাড়া পেয়েছিলেন অভিনেত্রী স্মৃতি ইরানি। টিভি দুনিয়ায় সিরিয়ালটি দীর্ঘ ৮ বছর জনপ্রিয়তা ধরে রাখে।
টিভি চ্যানেলের অন্যতম সফল এ হিন্দি সিরিয়ালের শেষ সম্প্রচার হয় ২০০৮ সালের ৬ নভেম্বর। সিরিয়ালটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয় হওয়ায় ২০২৫ সালে আবারও নতুন করে সিরিয়ালটির ২য় সিজন শুরু হয়। এ সিজনেই কাস্টিং ইস্যু নিয়ে ভক্তমহলে দেখা দেয় তুমুল আপত্তি।
জানা যায়, পুরনো সিরিয়ালে স্মৃতি অভিনয় করেন ‘তুলসি’ চরিত্রে। আর তার ছেলে ‘অংশ’ চরিত্রে পর্দায় অভিনয় করেন আকাশদীপ সাইগল। তবে নতুন সিজনে ‘অংশ’র ছেলে হিসেবেও ধরা দিয়েছেন আকাশদীপ। এ হিসেবে পর্দায় এখন স্মৃতির নাতি হিসেবে অভিনয় করছেন আকাশদীপ।
বাস্তবে অভিনেত্রী স্মৃতির বয়স এখন ৫০ যেখানে অভিনেতা আকাশদীপের বয়স ৫১। বেশি বয়সের হয়েও অভিনেত্রীর নাতির চরিত্রে আকাশদীপকে মেনে নিতে পারছেন না ভক্তরা।
যদিও এমন কাস্টিংকে চমৎকার রূপান্তর বলে অ্যাখ্যা দিয়েছেন আকাশদীপ নিজেই। এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তিনি বলেন,
সিরিয়ালে এটি একটি সৃজনশীল পদক্ষেপ। প্রথম সিজনে ছেলে হিসেবে অভিনয় করলেও ২য় সিজনে স্মৃতির নাতি চরিত্রে অভিনয় করার অনুভূতিটা চমৎকার। এমন সুযোগ পেয়ে আমি ধন্য।
প্রসঙ্গত, ‘কিঁউকি সাস ভি কাভি বহু থি ২’ সিরিয়ালে চরিত্রের এমন পুনর্বিন্যাস গল্পের একটি বৃত্ত সম্পন্ন করলেও দর্শক সিরিয়ালের এমন পরিবর্তন একেবারেই পছন্দ করছে না। নতুন সিজনটি দর্শক টিআরপি চার্টে দুর্দান্ত সাফল্য পেলেও বেশিরভাগ ভক্তদের মতামত, তুলসির নাতি হওয়ার ক্ষেত্রে আকাশদীপের বয়স অনেকটাই বেশি, যা সিরিয়ালটির গ্রহণযোগ্যতা নষ্ট করছে।
বাংলাদেশ সময়: ১৬:৪৭:৫৮ ১৩ বার পঠিত