![]()
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার ও শ্রম সংক্রান্ত সমস্যা নিরসন এবং শ্রম খাতে সম্ভাবনার ক্ষেত্র প্রসারিত করতে সরকার ও মালিক-শ্রমিকের টিম ওয়ার্ক চলমান থাকবে।
আজ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত মহান মে দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আরিফুল হক চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রাষ্ট্র চিন্তার মূলে ছিল শ্রমজীবী মানুষের কল্যাণ সাধন এবং একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করাসহ শোভন কর্মপরিবেশ সৃষ্টির লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করেছে।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর সুচিন্তিত পরামর্শ এবং প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান ও বাস্তবায়নের ফলে গত ঈদুল ফিতর উদযাপনের প্রাক্কালে দেশের সার্বিক শ্রম পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা সম্ভব হয়েছিল।
শ্রমমন্ত্রী বলেন, বেতন, বোনাস ও প্রাপ্য ছুটি ঈদের পূর্বে নিশ্চিত করায় শ্রমিক ভাই-বোনেরা নিরাপদে হাসিমুখে বাড়ি ফিরে আনন্দ উপভোগ করেছিলেন। আগামী ঈদুল-আজহা উপলক্ষ্যে প্রস্তুতি হিসেবে ইতোমধ্যেই সংশ্লিষ্ট সকলকে নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শ্রমিক ও মালিক পক্ষের আন্তরিক সদিচ্ছা ও গঠনমূলক সহযোগিতা পেলে এই পদক্ষেপ ইতিবাচকভাবে বাস্তবায়ন করা সম্ভব।
সভায়, মিরপুর কেমিক্যাল গোডাউনে অগ্নিকা-ে নিহত ১৩ জন শ্রমিকের প্রত্যেক পরিবারের হাতে ক্ষতিপূরণ বাবদ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ২ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
সকাল ৮টায় মহান মে দিবস উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। শ্রমমন্ত্রীর নেতৃত্বে ঘোড়ার গাড়ি ও ব্যান্ড পার্টি সজ্জিত এ র্যালি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের মূল ফটকে এসে শেষ হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদার, আইএলও’র কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনসহ সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কারখানা মালিক ও শ্রমিকপক্ষের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:৩১:০৯ ১৩ বার পঠিত