
হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) ও সাইবার ক্রাইম ইউনিটের প্রচেষ্টায় উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন।
এসএমপি জানায়, সিলেটের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মালিকদের করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে পুলিশ। সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) ও সাইবার ক্রাইম ইউনিট তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনগুলো উদ্ধার করে।
মোবাইল ফোন উদ্ধার টিমের আন্তরিক প্রচেষ্টায় মহানগরীর ছয়টি থানা থেকে প্রাপ্ত সর্বমোট ১৩০টি জিডি পর্যালোচনা করে ৬০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মোবাইল ফোন ফিরে পেয়ে সংশ্লিষ্ট মালিকরা সিলেট মহানগর পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশ জানায়, মোবাইল ফোন উদ্ধার টিম গঠনের পর থেকে সিলেটে এ পর্যন্ত ৪৪৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সাধারণ মানুষকে ব্যবহৃত মোবাইল ফোন কিংবা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস কেনার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। এ ক্ষেত্রে বিক্রেতার পরিচয় ও বৈধ কাগজপত্র যাচাই করার পাশাপাশি ক্রয়-বিক্রয়ের রসিদ বা মেমো সংরক্ষণের আহ্বান জানানো হয়।
একই সঙ্গে ডিভাইসের বডিতে উল্লেখিত আইএমইআই নম্বরের সঙ্গে মোবাইল সেটের আইএমইআই নম্বর মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
বিশেষ করে রাস্তাঘাটে অপরিচিত ব্যক্তির কাছ থেকে কিংবা অনলাইন প্ল্যাটফর্ম, বিশেষত ফেসবুক থেকে অস্বাভাবিক কম দামে মোবাইল ফোন কেনা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এসব ডিভাইস চোরাই বা অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলেও জানায় পুলিশ।
বাংলাদেশ সময়: ২৩:২৫:২৩ ৬ বার পঠিত