![]()
লাহোরে অনুষ্ঠিত রোমাঞ্চকর দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে মাত্র ২ রানের ব্যবধানে ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে পিএসএল ফাইনালে উঠেছে হায়দরাবাদ কিংসমেন। ম্যাচের শেষ ওভার পর্যন্ত গড়ানো এই লড়াইয়ে নাটকীয়ভাবে জয় নিশ্চিত করে নবাগত ফ্র্যাঞ্চাইজিটি।
টস জিতে আগে ব্যাট করতে নেমে হায়দরাবাদ ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায়। দলের হয়ে উসমান খান ৩০ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন। অধিনায়ক মার্নাস লাবুশেন ৩৯, সাইম আইয়ুব ৩৮ এবং কুশল পেরেরা ৩৭ রান যোগ করেন। ইসলামাবাদের হয়ে ইমাদ ওয়াসিম ২ উইকেট নেন।
জবাবে লক্ষ্য তাড়ায় ইসলামাবাদ ইউনাইটেড ২০ ওভারে ১৮৪ রানে থামে। শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৮ রান। ১৯তম ওভারে ফাহিম আশরাফের ব্যাটে আসে ২২ রান, ফলে ম্যাচে উত্তেজনা চরমে পৌঁছায়।
তবে শেষ ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হায়দরাবাদের হুনাইন শাহ। চাপের মুহূর্তে নিখুঁত ইয়র্কার ও নিয়ন্ত্রিত বোলিংয়ে তিনি মাত্র ৩ রান দিয়ে একটি উইকেট তুলে নেন এবং ইসলামাবাদের জয় সম্ভাবনা শেষ করে দেন।
ইসলামাবাদের হয়ে মার্ক চাপম্যান ৪৩, হায়দার আলি ৩১, ডেভন কনওয়ে ৩০ রান করেন। শেষ পর্যন্ত ফাহিম আশরাফের উইকেট পতনের সঙ্গে সঙ্গে ম্যাচ নিজেদের করে নেয় হায়দরাবাদ।
ম্যাচসেরা নির্বাচিত হন হুনাইন শাহ, যিনি শেষ ওভারের বোলিংয়ে দলের জয়ের নায়ক হয়ে ওঠেন। এই জয়ের মাধ্যমে প্রথমবার পিএসএলে খেলেই ফাইনাল নিশ্চিত করল হায়দরাবাদ কিংসমেন।
বাংলাদেশ সময়: ১৫:১৭:১৬ ২২ বার পঠিত