
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ আফরোজা আফসানা স্থানীয় সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।
রবিবার (৩ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত ইউএনও মিজ্ আফরোজা আফসানা সরিষাবাড়ী উপজেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন “সরিষাবাড়ী উপজেলাকে একটি আদর্শ ও জনসেবামূলক উপজেলা হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসনের দরজা সবসময় উন্মুক্ত থাকবে।”
সভায় উপস্থিত ব্যক্তিবর্গ তাদের মতামত ও এলাকার বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বক্তারা নবাগত ইউএনও-কে ফুল দিয়ে বরণ করে নেন এবং উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেন। বিশেষ করে, মাদক নির্মূল ও বাল্যবিবাহ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি। জনভোগান্তি লাঘবে প্রশাসনের কঠোর ভূমিকা। সরকারি সেবার স্বচ্ছতা নিশ্চিত করা।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শওকত জামিলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ রাজ বংশী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী লেকু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মিন্টু, বীর মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ও সরিষাবাড়ী অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল এহসান শাহীন।
এছাড়াও সভায় সাংবাদিক সোলায়মান বাবু, গোলাম কিবরিয়া, জাকারিয়া জাহাঙ্গীর ও ইসমাইলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
পরিশেষে, উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। তিনি সরিষাবাড়ীর সার্বিক সমৃদ্ধিতে দলমত নির্বিশেষে সবার আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ সময়: ১৫:১৮:৫৭ ১৬ বার পঠিত