মঙ্গলবার, ৫ মে ২০২৬

কেরানীগঞ্জে জাল টাকা তৈরি কারখানার সন্ধান, গ্রেপ্তার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » কেরানীগঞ্জে জাল টাকা তৈরি কারখানার সন্ধান, গ্রেপ্তার ২
মঙ্গলবার, ৫ মে ২০২৬



কেরানীগঞ্জে জাল টাকা তৈরি কারখানার সন্ধান, গ্রেপ্তার ২

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানি পশুর হাটকে টার্গেট করে দেশে আবারও সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা কারবারি চক্রের সদস্যরা। এমন একটি চক্রের খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে চক্রের দুই সদস্যকে জাল টাকাসহ গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জাল টাকা তৈরির সরঞ্জামও জব্দ করা হয়।

মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চত করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটকে টার্গেট করে জাল টাকা কারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। এমন তথ্যের ভিত্তিতে ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দার (ডিবি) অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে এসআই ইয়াকুব আলী ডিবি পুলিশের একটি টিম গঠন করা হয়। গঠিত টিম কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের ভাংনা মুজিবনগরে কামাল হোসেনের পাঁচ তলা বাড়ির তৃতীয় তলায় অভিযান পরিচালনা করে। অভিযানে জাল টাকা তৈরির মাস্টার মো. কাউসারকে গ্রেপ্তার করা হয়।
পরে তার তথ্যের ভিত্তিতে বাড়ির মালিক মো. কামাল হোসেনকেও গ্রেপ্তার করা হয়।

কাউসারের কাছ থেকে জাল ছয় লাখ টাকা এবং কামালের কাছ থেকে জাল ২ লাখ টাকা, মোট আট লাখ জাল টাকা উদ্ধার করা হয়। এছাড়া আসামিদের জিজ্ঞাসাবাদ করে তাদের দেওয়া তথ্য অনুযায়ী জালটাকা তৈরির কাজে ব্যবহৃত প্রিন্টার, জাল টাকা তৈরির কাগজ, কালি, হ্যান্ড সিলার, ডাইসসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়।’

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, গ্রেপ্তার কাউসার দীর্ঘ আট বছর যাবৎ জাল টাকার কারবার করে আসছে।
তিনি জালটাকা তৈরির দায়ে এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়ে জেল খেটেছেম এবং তার নামে বর্তমানে ঢাকার বিভিন্ন থানায় জালটাকা তৈরির ৭টি মামলা চলমান রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:২১:৩২   ১৫ বার পঠিত