মঙ্গলবার, ৫ মে ২০২৬

নিহত ট্রাকচালকের এতিম কন্যা মুসলিমার পাশে প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিহত ট্রাকচালকের এতিম কন্যা মুসলিমার পাশে প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ৫ মে ২০২৬



নিহত ট্রাকচালকের এতিম কন্যা মুসলিমার পাশে প্রধানমন্ত্রী

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় গণপিটুনিতে নিহত ট্রাকচালক হান্নান শেখের দুই বছর বয়সী কন্যা মুসলিমা ইসলামের পাশে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
মঙ্গলবার (৫ মে) সকালে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান উপজেলার সাতৈর গ্রামে নিহত হান্নান শেখের বাড়িতে গিয়ে শিশুটির খোঁজখবর নেন। এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে তিনি সেখানে গিয়েছেন এবং শিশুটির সার্বিক দেখভালে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
তাৎক্ষণিকভাবে শিশুটির দাদা-দাদির হাতে খেলনা, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেন ইউএনও।
এ সময় উপস্থিত ছিলেন সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু, সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা মো. ফারুক হোসেন, ছাত্রদল নেতা মো. জহিরুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল রাতে সালথা এলাকায় ফেসবুক লাইভে গুজব ছড়িয়ে পড়ে যে, একটি ট্রাক কয়েকজন মানুষকে চাপা দিয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা গাছের গুঁড়ি ফেলে ট্রাকটি থামিয়ে চালক হান্নান শেখকে টেনে বের করে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পিতা সাহিদ শেখ বলেন, “এই দুঃসময়ে আমার নাতনির পাশে দাঁড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। তবে আমাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। আমি নিরাপত্তা চাই এবং আমার সন্তানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান বলেন, “প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশনা পাওয়ার পর আমরা নিহতের পরিবারের খোঁজখবর নিতে এসেছি। প্রাথমিকভাবে শিশুটির জন্য খেলনা, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।”
সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু বলেন, “নিহতের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। শিশুটির জন্য তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও পাশে থাকব।”

বাংলাদেশ সময়: ২৩:১২:২৬   ১১ বার পঠিত