![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। বৈবাহিক সম্পর্কের তিক্ততা মুছে নতুন জীবনের শুরুতে পা রাখার কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন সুমিনা (১৯) নামের এক যুবতী। আজ মঙ্গলবার (৫ যে) দুপুরে তালাক সম্পন্ন হওয়ার পর বিকেলেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাটি ঘটেছে মাদারগঞ্জ উপজেলার পলিশা গ্রামে। নিহত সুমিনা ওই গ্রামের সুজা মিয়ার মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে সুমিনার বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই দুই পরিবারের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। দীর্ঘদিনের এই পারিবারিক কলহের জেরে আজ (মঙ্গলবার) উভয় পক্ষের পারস্পরিক সম্মতিতে তাদের আনুষ্ঠানিক তালাক সম্পন্ন হয়।
দুপুরে তালাকের আনুষ্ঠানিকতা শেষে বাবার বাড়ি থেকে নিয়ে আসা নিজের ব্যবহারের জিনিসপত্র গোছগাছ করছিলেন সুমিনা। বিকেলবেলা বিয়ের সময় বাবার বাড়ি থেকে উপহার দেওয়া একটি স্টিলের বাক্স ঘরের ভেতরে বা উঁচুতে ওঠানোর চেষ্টা করছিলেন তিনি।
এ সময় অসাবধানতাবশত বাক্সটি ঘরের ওপর দিয়ে যাওয়া সচল বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসে। মুহূর্তের মধ্যেই পুরো বাক্সটি বিদ্যুতায়িত হয়ে যায় এবং সুমিনা তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।
স্টিলের ভারী বাক্সটি ওঠানোর কাজে সুমিনাকে সহযোগিতা করছিলেন আরও চারজন। সুমিনা বিদ্যুতায়িত হওয়ার সময় তারাও তীব্র শকের শিকার হয়ে আহত হন। তবে আশঙ্কাজনক কিছু ঘটেনি। প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তারা সুস্থ আছেন বলে জানা গেছে।
এক বুক কষ্ট আর দীর্ঘশ্বাস নিয়ে বাবার বাড়ি ফিরেছিলেন সুমিনা। কিন্তু ভাগ্য তাকে নতুন করে গুছিয়ে নেওয়ার সেই সুযোগটুকুও দিল না। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিচ্ছেদের করুণ সুর রূপ নিলো চিরবিচ্ছেদের নির্মম ট্র্যাজেডিতে।
সুমিনার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পলিশা গ্রামসহ পুরো মাদারগঞ্জ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ সময়: ২৩:১৮:২৪ ৩২ বার পঠিত