![]()
পদ্মা ব্যারাজ প্রকল্পকে বাংলাদেশের জন্য অপরিহার্য উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এই প্রকল্প বাস্তবায়নে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। আগামী একনেক সভায় বিষয়টি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।
বুধবার (৬ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব তথ্য জানান।
মন্ত্রী জানান, বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। এ ছাড়া সরকারের বর্তমান মেয়াদের প্রথম ১৮০ দিনে পানিসম্পদ মন্ত্রণালয় কোন কোন কাজ সম্পন্ন করবে, সেই রোডম্যাপ নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘পদ্মা ব্যারাজ আমাদের দেশের পানির নিরাপত্তা ও কৃষির জন্য অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী এ বিষয়ে ইতিবাচক নির্দেশনা দিয়েছেন। আমরা দ্রুততম সময়ের মধ্যে এর কাজ শুরু করতে চাই।’
তিনি জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর যাবেন। সেখানে তিনি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি দেশব্যাপী ‘খাল খনন কর্মসূচি’র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
চাঁদপুর সফরের পর আগামী ২৫ মে প্রধানমন্ত্রী ফেনী জেলা সফর করবেন বলেও নিশ্চিত করেছেন পানিসম্পদ মন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৬:৫৫:১৩ ১৩ বার পঠিত