বুধবার, ৬ মে ২০২৬

টাকা নয়, মেধাই জয়ী জামালপুরে স্বচ্ছ নিয়োগে ৪৩ কনস্টেবল চূড়ান্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » টাকা নয়, মেধাই জয়ী জামালপুরে স্বচ্ছ নিয়োগে ৪৩ কনস্টেবল চূড়ান্ত
বুধবার, ৬ মে ২০২৬



টাকা নয়, মেধাই জয়ী জামালপুরে স্বচ্ছ নিয়োগে ৪৩ কনস্টেবল চূড়ান্ত

জামালপুর সদর প্রতিনিধি : স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার কঠোর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ-২০২৬ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ প্রক্রিয়া শেষে ৪৩ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে, আর অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে আরও ৯ জনকে।
পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত এ নিয়োগ প্রক্রিয়ায় শুরু থেকেই ছিল কঠোর নজরদারি ও স্বচ্ছতা। পুলিশ সূত্র জানায়, জেলায় মোট ৩,৮৭৩ জন প্রার্থী আবেদন করলেও ধাপে ধাপে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে শেষ পর্যন্ত টিকে থাকেন অল্পসংখ্যক যোগ্য প্রার্থী।
প্রথম ধাপে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে অংশ নেন ২,৮৬৩ জন, উত্তীর্ণ হন ১,৭১৮ জন। দ্বিতীয় দিনে দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্পে অংশ নিয়ে টিকে থাকেন ৯৯৮ জন। তৃতীয় দিনের কঠিন পরীক্ষায়—দীর্ঘ দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিংয়ে উত্তীর্ণ হন ৪৯৫ জন।
এরপর লিখিত পরীক্ষায় অংশ নেন ৪৮৮ জন পরীক্ষার্থী। কোডিং পদ্ধতিতে খাতা মূল্যায়নের পর উত্তীর্ণ হন ৭৮ জন। সর্বশেষ মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষার মাধ্যমে বাছাই করে ৪৩ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
নির্বাচিত প্রার্থীদের জন্য আগামী ধাপে রয়েছে ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা। সব প্রক্রিয়া শেষে তারা মৌলিক প্রশিক্ষণের জন্য পুলিশ ট্রেনিং সেন্টারে যোগ দেবেন।
পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, “এই নিয়োগ কার্যক্রম শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন হয়েছে।

কোনো ধরনের তদবির বা আর্থিক লেনদেনের সুযোগ ছিল না—শুধু মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের নির্বাচন করা হয়েছে।”
জামালপুর জেলা পুলিশ জানায়, একটি সৎ ও দক্ষ বাহিনী গঠনের লক্ষ্যে এমন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নবনির্বাচিত সদস্যদের জন্য শুভকামনাও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২৩:২৩:১৫   ২৪৮ বার পঠিত