
আজ ৪ অক্টোবর, বিশ্ব প্রাণী দিবস। বিশ্বের সমুদয় প্রাণীকুলের অধিকার এবং কল্যাণের জন্য প্রতি বছর এই দিনে আন্তর্জাতিকভাবে দিবসটি পালন করা হয়। বাস্তুসংস্থানবিদ্যার সন্ত এবং প্রাণীদের সুরক্ষক হিসেবে পরিচিত সেন্ট এসিসির ফ্রান্সিসের ভোজ উৎসবের সাথে সংগতি রেখে আজকের দিনটিকে নির্ধারণ করা হয়েছে।
পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রাণীদের কল্যাণের মাধ্যমে তাদের জীবনযাত্রার অবস্থার উন্নতি করাই এই দিবসের মূল লক্ষ্য। জাতি, ধর্ম, বিশ্বাস বা রাজনৈতিক মতাদর্শের গণ্ডি পেরিয়ে আজ বিশ্বজুড়ে বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপিত হচ্ছে।
দিবসের ইতিহাস:
বিশ্ব প্রাণী দিবসের ইতিহাস বেশ কৌতূহলোদ্দীপক। ১৯২৫ সালের ২৪ মার্চ জার্মানির বার্লিন স্পোর্ট প্যালেসে ‘মেন্স উন্ড হুন্দ’ (মানুষ এবং কুকুর) ম্যাগাজিনের লেখক ও প্রকাশক হেনরীক জিম্মারমেন সর্বপ্রথম এই দিবসটির সূচনা করেন। সেদিনের অনুষ্ঠানে ৫ হাজারের অধিক মানুষ অংশ নিয়েছিলেন।
মূলত ৪ঠা অক্টোবর দিবসটি পালনের পরিকল্পনা থাকলেও স্থান সংকুলনের কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে ১৯২৯ সালের ৪ঠা অক্টোবর প্রথমবারের মতো যথাযথভাবে এই দিবসটি পালিত হয়। শুরুতে জার্মানি, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড এবং চেকোস্লোভাকিয়ায় এর অনুসারী থাকলেও হেনরীক জিম্মারমেনের নিরলস প্রচেষ্টায় ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রাণী সুরক্ষা কংগ্রেসে ৪ঠা অক্টোবরকে আনুষ্ঠানিকভাবে ‘বিশ্ব প্রাণী দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
বর্তমান প্রেক্ষাপট ও জনসচেতনতা:
শুরুতে কেবল প্রাণী সুরক্ষা আন্দোলনকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ থাকলেও, বর্তমানে বিশ্ব প্রাণী দিবস একটি পূর্ণাঙ্গ বৈশ্বিক অনুষ্ঠানে রূপ নিয়েছে। ২০০৩ সাল থেকে যুক্তরাজ্যভিত্তিক একটি প্রাণী কল্যাণ চ্যারিটি এই বৈশ্বিক আয়োজনের নেতৃত্ব ও পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে।
বিশেষজ্ঞদের মতে, অধিক জনসচেতনতা এবং শিক্ষার মাধ্যমেই কেবল পৃথিবীকে প্রতিটি জীবের জন্য একটি উন্নততর বাসস্থান হিসেবে গড়ে তোলা সম্ভব। আজকের এই দিনে প্রাণীদের সংবেদনশীল প্রজাতি হিসেবে গণ্য করে তাদের প্রাপ্য অধিকার ও সুচিকিৎসা নিশ্চিত করার জোরালো দাবি উঠেছে বিশ্বজুড়ে।
বাংলাদেশ সময়: ০:২৩:১৯ ৪ বার পঠিত