শুক্রবার, ৮ মে ২০২৬

হাট ও পশুবাহী গাড়িতে চাঁদাবাজির ব্যাপারে সজাগ রয়েছি : প্রতিমন্ত্রী টুকু

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাট ও পশুবাহী গাড়িতে চাঁদাবাজির ব্যাপারে সজাগ রয়েছি : প্রতিমন্ত্রী টুকু
শুক্রবার, ৮ মে ২০২৬



হাট ও পশুবাহী গাড়িতে চাঁদাবাজির ব্যাপারে সজাগ রয়েছি : প্রতিমন্ত্রী টুকু

কোরবানির পশুর হাট ও পশুবাহী গাড়িতে চাঁদাবাজি রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেছেন, ‘পশুর হাটে যাতে কোনো ধরনের চাঁদাবাজি না হয়, সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শুক্রবার বিকালে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর ফাইনাল খেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে চাহিদার তুলনায় কোরবানিযোগ্য পশুর মজুত বেশি রয়েছে। ফলে বাইরে থেকে পশু আমদানির কোনো প্রয়োজন নেই এবং স্থানীয় খামারিরাই চাহিদা পূরণে সক্ষম হবেন।

বাজারের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে প্রতিটি হাটে ভেটেরিনারি চিকিৎসকরা দায়িত্ব পালন করবেন বলেও তিনি উল্লেখ করেন।

অবৈধ পথে পশু আসা রোধের বিষয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘কোরবানির পশু কোনোভাবে যেন অবৈধ পথে দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী এবং সীমান্ত এলাকায় দায়িত্বরত বিজিবিকে বিশেষভাবে অবহিত করা হয়েছে।’

অনুষ্ঠানে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্চয় কুমার মহন্ত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া এবং ক্রীড়া সংস্থার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৫১:১৫   ১৩ বার পঠিত