![]()
নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের নবীন বরণ অনুষ্ঠানে কলেজটির উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
শুক্রবার (৮ মে) বিকেলে সরকারি তোলারাম কলেজের নবীন বরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি এই কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে গর্ববোধ করি। অতীতে সুযোগ না থাকায় তোলারাম কলেজের জন্য প্রত্যাশিতভাবে কাজ করতে পারিনি। তবে এবার সুযোগ এসেছে- ইনশাআল্লাহ, যতটুকু সম্ভব আমি কাজ করার চেষ্টা করবো।”
তিনি আরও বলেন, “যার শেষ ভালো, তার সবই ভালো। কিছু সমস্যা ও দাবি রয়েছে, যেগুলো উন্মুক্ত আলোচনায় সবসময় সমাধান সম্ভব হয় না। সেগুলো সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”
নিজের অতীত কর্মকাণ্ড তুলে ধরে আবুল কালাম বলেন, ২০০১-০৬ সময়ে মহিলা কলেজের বাস চালু, পুকুর ভরাট, বাউন্ডারি ওয়াল নির্মাণ ও ছাত্রাবাস প্রতিষ্ঠার মতো কাজ তার সময়েই হয়েছে। এসব অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আমি কাজ করতে জানি, আমার প্রতি তোমরা আস্থা রাখতে পারো।”
তিনি জানান, জাতীয় সংসদে ইতোমধ্যে তার নির্বাচনী এলাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি উত্থাপন করেছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ডিও লেটারও দেওয়া হয়েছে।
“নারায়ণগঞ্জে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে একটি বিশ্ববিদ্যালয় জরুরি। ইনশাআল্লাহ, সেটি বাস্তবায়ন হবে,” বলেন তিনি।এমপি আরও বলেন, প্রতি বছর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য প্রস্তুত হলেও স্থানীয়ভাবে পর্যাপ্ত সুযোগ না থাকায় তাদের বাইরে যেতে হয়।
ছাত্ররাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “ছাত্র সংসদ নির্বাচন আসবে। তবে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাদের প্রতি আমার আহ্বান- কোনো সমস্যা হলে সংঘর্ষে না জড়িয়ে আমাকে জানাবে। আমি সবাইকে নিয়ে বসে সমাধানের চেষ্টা করবো।”
কলেজটির অধ্যক্ষ অধ্যাপক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিপি মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, নবীন বরণ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক হুমায়ুন কবীর, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩:১৩:৩৩ ১১ বার পঠিত