শনিবার, ৯ মে ২০২৬

গ্রেফতার আতঙ্কে মাদারগঞ্জে হত্যা মামলার আসামির আত্মহত্যার চেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » গ্রেফতার আতঙ্কে মাদারগঞ্জে হত্যা মামলার আসামির আত্মহত্যার চেষ্টা
শনিবার, ৯ মে ২০২৬



গ্রেফতার আতঙ্কে মাদারগঞ্জে হত্যা মামলার আসামির আত্মহত্যার চেষ্টা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জের আলোচিত করিম হত্যা মামলার প্রধান আসামি তারা মিয়া (৪৪) বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার বিকেলে উপজেলার গজারিয়া এলাকায় নিজ বাড়ির পেছনে এ ঘটনা ঘটে। আজ শনিবার(১০ মে) তার পরিবার সূত্রে জানা যায়, বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে তারা মিয়াকে তার বাড়ির পেছনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজনরা। তার মুখ দিয়ে বিষের গন্ধ বের হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি পরিবারের সদস্যরা।

নিহত করিম ছিলেন অভিযুক্ত তারা মিয়ার আপন বড় ভাইয়ের শ্যালক। মামলার এজাহার ও স্থানীয় তথ্যানুযায়ী, এই হত্যাকাণ্ডের মূলে ছিল এক পরকীয়া সম্পর্ক। তারা মিয়ার সাথে তার আপন ভাবি ইতির পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বড় ভাইয়ের শ্যালক করিম এই অনৈতিক সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ান এবং প্রতিবাদ জানান। এই প্রতিবাদের জের ধরে ইতি এবং তারা মিয়া পরিকল্পিতভাবে করিমকে হত্যা করেন। হত্যার পর তারা লাশটি গুম করার উদ্দেশ্যে গজারিয়া বড় ব্রিজের নিচে ফেলে দেন।

করিম হত্যার ঘটনায় এলাকাটিতে দীর্ঘদিন ধরেই ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। মামলার প্রধান আসামি হিসেবে তারা মিয়া পুলিশের নজরদারিতে ছিলেন। তার এই বিষপানের ঘটনা এলাকায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তারা মিয়ার পাকস্থলী ওয়াশ করা হলেও বিষের তীব্রতা বেশি হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

বাংলাদেশ সময়: ২২:০১:৫৯   ৭ বার পঠিত