
সৌরভের শেষ মুহূর্তের গোলে ফেডারেশন কাপে নাটকীয় জয় তুলে ফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়েছে সাদা-কালোরা। দুটি গোলই করেন সৌরভ দেওয়ান। আগামী ১৯ মে কিংস অ্যারেনায় শিরোপার লড়াইয়ে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে মোহামেডান।
কুমিল্লায় চলছিল ম্যাচের যোগ করা সময়ের খেলা। ঠিক তখনই কর্নার থেকে আসা বলে সৌরভের দুর্দান্ত ভলি। মুহূর্তেই বাঁধভাঙা উল্লাস মোহামেডান শিবিরে। যা পরে রূপ নেয় হাতাহাতিতে। রক্তাক্ত হন মোহামেডানের মোজাফফরভ। পরে থামাতে মাঠে নামতে হয় পুলিশ ও কর্মকর্তাদের। তবে, শুধু এই একটা গোল নয়, ফেডারেশন কাপের গুরুত্বপূর্ণ ম্যাচের পুরোটা সময় আলো ছড়িয়েছেন এই সৌরভ দেওয়ান।
বুধবার (১৩ মে) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফাইনাল নিশ্চিতের মিশনে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয় মোহামেডান ও ব্রাদার্স। জামালদের নিয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ব্রাদার্স। দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ। তবে, কৌশিকের জোরালো শট আটকে যায় মোহামেডান গোলরক্ষক সুজনের গ্লাভসে।
এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে সাদা-কালোরা। মোহামেডানের একের পর এক আক্রমণে দিশেহারা ব্রাদার্স। ভালো ডিফেন্স করলেও ৩৫ মিনিট হতাশা ব্রাদার্স ডাগআউটে। দারুণ একটা গোল করে সাদা-কালোদের লিড এনে দেন সৌরভ দেওয়ান। প্রথমার্ধে শেষদিকে আবারও আক্ষেপ সঙ্গী হয় জামালদের। ইয়ানসান জালে বল পাঠালেও গোল বাতিল হয় অফসাইডে।
যদিও ম্যাচের সব নাটক অপেক্ষা করছিলো দ্বিতীয়ার্ধের জন্য। শুরু থেকেই আক্রমণ চালায় ব্রাদার্স। স্যামুয়েল-শায়েকদের অনবরত অন টার্গেট শটে চাপে পড়ে যায় মোহামেডান। বেশ কয়েকটি দারুণ সেইভ দেন গোলরক্ষক সুজন।
৭৩ মিনিটে আর জাল অক্ষত রাখতে পারেনি মোহামেডান। জামাল ভুঁইয়ার চোখ ধাঁধানো ফ্রিক কিক চেষ্টা করেও ঠেকাতে পারেননি সুজন। অধিনায়কের গোলে জমে ওঠে ম্যাচ।এরপর দু’দলই নিজেদের কৌশলে ম্যাচে এগিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করে। তবে, ম্যাচের যোগ করা সময়ের গোলে শেষ হাসি হাসে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
২-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে ফাইনাল ওঠার উল্লাস করতে থাকে মোহামেডান। হারটা যেনো মানতেই পারছিলো না ব্রাদার্স, ঠিক তখনই দু’দলের ফুটবলারদের মধ্যে শুরু হয় উত্তেজনা। নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে মাঠে ঢুকে পড়ে দর্শক। পরে পরিস্থিতি ঠান্ডা করে পুলিশ।
কিংস অ্যারেনায় আগামী ১৯ মে ফেডারেশনের কাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে মোহামেডান।
বাংলাদেশ সময়: ১৬:১৭:৫৩ ৯৯ বার পঠিত