রবিবার, ১৭ মে ২০২৬

মধুখালীতে কৃষ্ণচূড়ার রঙে সেজেছে সড়ক

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে কৃষ্ণচূড়ার রঙে সেজেছে সড়ক
রবিবার, ১৭ মে ২০২৬



মধুখালীতে কৃষ্ণচূড়ার রঙে সেজেছে সড়ক

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : একদিকে গ্রীস্মের তাপদাহ অন্যদিকে বৃষ্টিতে আবহাওয়ায় কিছুটা শীতলতা অনুভব করা যাচ্ছে। এমন আবহাওয়ায় নির্মল বায়ুতে নিঃশ্বাস নিতে ও আনন্দ বিনোদন পেতে হাতের কাছেই কৃষ্ণচূড়ার ছায়াতল যেন স্বপ্নের মতো হয়ে উঠেছে অনেকের কাছে। ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কসহ বিভিন্নস্থানে চোখে পড়ে কৃষ্ণচূড়া গাছের অপরুপ দৃশ্য।
সরজমিন ঘুরে দেখা যায়, মধুখালী পৌরসভার ৬ নং ওয়ার্ডের ২০ নং শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শোভা পাচ্ছে একটি কৃষ্ণচূড়া গাছ। বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে এসে গাছের নিচে লাল ফুলগুলো কুড়িয়ে আনন্দ উপভোগ করে। অনেকে বিকালে বিদ্যালয়ের মাঠে গাছটির সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত দেখা যায়। ছবি তুলতে আসা গোলাম মোস্তফা কুটি জানান, ২৬ থেকে ২৭ বছর আগে মৃত আলহাজ্ব মজিবুর রহমান সরদার স্কুলের আঙিনায় গাছের চারাটি রোপন করেন। সেই ছোট গাছটি আজ ফুলে পরিপূর্ণ। গাছের সৌন্দর্য বিমোহিত করছে প্রকৃতি প্রেমীদের। সেলফি প্রেমী কৃষ্ণচূড়ার সুশীতল ছায়াতলের মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে ছবি তুলছেন অনেকে। একে অপরের ছবি তুলতে ব্যস্ত তারা। কেউ কেউ নিজেই নিজের, কেউ আবার অন্যের ছবি তুলছেন।

অন্যদিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দী থেকে ফরিদপুর জেলার শেষ প্রান্তের কামারখালী গড়াই সেতু পর্যন্ত ৩৫ থেকে ৪০টি সুশোভিত কৃষ্ণচূড়ার সুশীতল গাছ দেখতে পাওয়া যায়। সবুজ চিকন পাতার ফাঁকে ফাঁকে লাল লাল কৃষ্ণচূড়া ফুল, দেখলেই চোখ জুড়িয়ে যায়। কৃষ্ণচূডার লাল ফুল এবং উজ্জ্বল সবুজ পাতা এক অন্যরকম দৃষ্টিনন্দন শোভা পাচ্ছে। কৃষ্ণচূড়ার সুবাস ও সৌন্দর্যে মুখরিত দর্শনার্থীদের নতুন আকর্ষণ এখন এই কৃষ্ণচূড়া। গাছের চারপাশটা যেন ফুলে ফুলে ভরে গেছে। সেখানে আসা সোহান, রাকিবসহ আরও কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, মহাসড়কের পাশের এই কৃষ্ণচূড়া গাছটির সৌন্দর্য তাদের দৃষ্টি কেড়েছে। তাই এই সৌন্দর্য উপভোগের মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে তুলছেন ছবি।

কবিতা, সাহিত্য, গান ও বিভিন্ন উপমায় কৃষ্ণচূড়া ফুলের কথা নানা ভঙ্গিমায় এসেছে। শোভা বর্ধনকারী এ বৃক্ষটি দেশের গ্রাম-বাংলার পাশাপাশি এখনও তার নড়বড়ে অস্তিত্ব নিয়ে কোনোক্রমে টিকে আছে পথে-প্রান্তরে। বিদেশ থেকে আমদানিকৃত এই ফুল যেন এখন বাঙালির ঐতিহ্যেরই একটা অংশ হয়ে গিয়েছে সবার অজান্তেই। এর সবচেয়ে বড় খ্যাতি হচ্ছে মোহনীয় রক্তিম আভ। সবুজের বুকচিরে বের হয়ে আসা লাল ফুল এতোটাই মোহনীয় যে, পথচারীরাও থমকে দাঁড়াতে বাধ্য হন। এই গাছকে ভালবেসে অনেকেই বাড়ির আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্র এবং রাস্তার দু’ধারে লাগিয়ে থাকেন।

বাংলাদেশ সময়: ১৫:৫০:৫৮   ৫ বার পঠিত