![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে নদীতে গোসল করতে নেমে লিজা মনি (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান মধ্যপাড়া এলাকার ঝাড়কাটা নদীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত লিজা মনি ওই এলাকার রবিজল ইসলামের মেয়ে এবং মহিষবাথান সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১টার দিকে রবিজল ইসলাম তার ছেলে রিয়াদ ও মেয়ে লিজা মনিকে নিয়ে ঝাড়কাটা নদীতে আসেন। দুই ভাইবোন নদীতে গোসল করতে নামলে বাবা নদীর কিনারায় বসে ছিলেন। হঠাৎ তীব্র স্রোতের টানে লিজা মনি পানিতে তলিয়ে যেতে শুরু করে। বোনকে বাঁচাতে ভাই রিয়াদ এগিয়ে গেলে সেও স্রোতে ভেসে যায়।
এসময় তাদের চিৎকারে বাবা রবিজল দ্রুত পানিতে নেমে ছেলে রিয়াদকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পারলেও মেয়ে লিজা তলিয়ে যায়।
স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে নদীতে নেমে লিজাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার অভিযান শুরুর মাত্র ১০ মিনিটের মাথায় ডুবুরিরা লিজা মনির মরদেহ উদ্ধার করে।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের দলনেতা মোঃ দেলোয়ার হোসেন জানান, ”দুপুরে শিশুটি নদীতে নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমাদের ডুবুরি দল অভিযান চালায়। নদী থেকে লিজা মনির মরদেহ উদ্ধার করা হয়েছে।”
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ সময়: ২২:৪২:২৬ ৩৬ বার পঠিত