![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রম। রোববার (২৪ মে) বিকালে উপজেলা খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম।
ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা, সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপজেলা খাদ্য কর্মকর্তা শামসুল হক, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবিনা, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল মজিদ, প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় চাল ডিলার, সুবিধাভোগী কৃষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
চলতি বোরো মৌসুমে প্রান্তিক কৃষকদের সুবিধার্থে সরকার নির্ধারিত মূল্যে সরাসরি খাদ্য গুদামে এই সংগ্রহ অভিযান চালানো হচ্ছে। জানা গেছে, চলতি মৌসুমে সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে এক হাজার ৮১৬ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৮৫৪ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। সরকারি এই সংগ্রহ কর্মসূচির মাধ্যমে কৃষকেরা ন্যায্যমূল্য পাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন খাদ্য বিভাগের কর্মকর্তারা।
সংশ্লিষ্ট খাদ্য কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারি এই সংগ্রহ কর্মসূচির ফলে স্থানীয় কৃষকেরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাবেন। পাশাপাশি এটি জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনকালে সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, কৃষকদের অক্লান্ত পরিশ্রমের ফলেই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। প্রকৃত কৃষকেরা যাতে কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা দালালের খপ্পরে না পড়ে সরাসরি গুদামে ধান বিক্রি করতে পারেন, তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে। ওজনে বা মূল্যে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। তিনি বোরো সংগ্রহ অভিযান সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ সময়: ২০:৫৪:৫৭ ১১ বার পঠিত