![]()
সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় আলোচিত লিচু বাগান মালিক আজিজুল মোল্যা হত্যা মামলায় স্থানীয় পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. রাজু মুন্সী (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৪ মে) গভীর রাতে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৫ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত রাজু মুন্সী উপজেলার সোনাপুর ইউনিয়নের চর বাংরাইল গ্রামের মৃত আব্দুস সালাম মুন্সীর ছেলে। তিনি সোনাপুর ইউনিয়নে পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, আজিজুল হত্যা মামলার অন্যতম আসামি রাজু মুন্সীকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, নিহত আজিজুল মোল্যা হত্যা মামলায় মোট ১৫ জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে সালথা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, “রাজু মুন্সীর গ্রেপ্তারের বিষয়টি আমরা জেনেছি। থানার সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। পরবর্তীতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে থাকলে বিধি অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।”
স্থানীয় সূত্র ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা ও লিচু বাগান মালিক আজিজুল মোল্যার বাগানে নির্মিত টংঘরে দীর্ঘদিন ধরে কয়েকজন যুবক মাদক সেবন করতেন। অভিযোগ রয়েছে, তারা বাগান থেকে লিচুও চুরি করতেন। গত ১৩ মে বিকেলে আজিজুলের ছেলে আকরাম মোল্যা তাদের বাধা দিলে অভিযুক্তরা তাকে মারধর করে।
পরে সন্ধ্যায় বিষয়টি নিয়ে ফুলবাড়িয়া বাজারে কথা বলতে গেলে আজিজুল মোল্যার সঙ্গে অভিযুক্তদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তার ওপর হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই মো. ফজলুল হক মোল্যা বাদী হয়ে গত ১৫ মে সালথা থানায় ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজু মুন্সীকেও আসামি করা হয়।
বাংলাদেশ সময়: ১৭:১৭:৫১ ১০ বার পঠিত