![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক সন্তানের জননীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে এক সৌদি প্রবাসীর বিরুদ্ধে। ধর্ষণের পর ভুক্তভোগী নারীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি অভিযুক্তের; পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
গত ২৩ মে (শনিবার) রাত ৮টার দিকে সরিষাবাড়ী থানার কৃষ্ণপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম সোহাগ মিয়া (২৫)। সে উপজেলার চর বাঙ্গালী গ্রামের শফিক মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মিনা বেগমের (ছদ্মনাম) প্রথম স্বামীর সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। ৪ বছর আগে প্রথম স্বামীর সাথে বিচ্ছেদ হওয়ার পর প্রতিবেশী সোহাগ মিয়ার সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় একপর্যায়ে সোহাগকে সৌদি আরব পাঠিয়ে দেওয়া হয়।
তবে প্রবাসে থেকেও সোহাগ মিনার সাথে নিয়মিত যোগাযোগ রাখত। বিয়ের প্রলোভন দেখিয়ে সে মিনাকে ঢাকায় একটি বাসা ভাড়াও করে দেয়। দীর্ঘ চার বছর প্রবাসে থাকাকালীন ইমু ও মেসেঞ্জারের মাধ্যমে সে মিনাকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করত।
গত ১৫ মে সোহাগ মিয়া দেশে ফিরে আসে। বাড়ি ফেরার ৯ দিন পর সে মিনাকে ঢাকার বাসা ছেড়ে সরিষাবাড়ীতে চলে আসতে বলে। মিনা এলাকায় ফিরে এলে সোহাগ তাকে শর্ত দেয় যে—কৃষ্ণপুর গ্রামে মিনার উকিল নানার বাড়িতে গিয়ে স্বামীর পরিচয়ে শারীরিক সম্পর্ক না করলে সে তাকে বিয়ে করবে না। নিরুপায় হয়ে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে মিনা রাজি হন।
গত ২৩ মে রাত আনুমানিক ৮টার দিকে কৃষ্ণপুর গ্রামের ওই আত্মীয়ের বাড়িতে বিয়ের প্রলোভন দেখিয়ে মিনাকে জোরপূর্বক ধর্ষণ করে সোহাগ।
বিষয়টি মিনার উকিল নানার সন্দেহ হলে তিনি তাৎক্ষণিক মিনার পরিবারকে খবর দেন। রাত ৯টার দিকে মিনার পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে পৌঁছালে বেগতিক দেখে সোহাগ মিনার ব্যবহৃত ‘ওপ্পো’ অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন জানান, ঘটনার পর ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্ত যুবক সোহাগ মিয়াকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
বাংলাদেশ সময়: ২৩:৪০:১৯ ৩৫ বার পঠিত