রবিবার, ৩১ মে ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় জায়গা-জমি বিরোধকে কেন্দ্র করে মারধর ও হুমকির অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরের ভাঙ্গায় জায়গা-জমি বিরোধকে কেন্দ্র করে মারধর ও হুমকির অভিযোগ
রবিবার, ৩১ মে ২০২৬



ফরিদপুরের ভাঙ্গায় জায়গা-জমি বিরোধকে কেন্দ্র করে মারধর ও হুমকির অভিযোগ

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরুল্লাগঞ্জ এলাকায় দীর্ঘদিনের জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে মারধর, গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নূরুল্লাগঞ্জ এলাকার বাসিন্দা মোঃ ফিরোজ মাতুব্বর (৬৫)।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নূরুল্লাগঞ্জ গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর মাতুব্বর (৫৫), মিলন মাতুব্বর (৬০) এবং জাকির মাতুব্বর (৫০)-এর সঙ্গে অভিযোগকারীর পরিবারের দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ ও শত্রুতা চলে আসছে।

অভিযোগে বলা হয়েছে, জাহাঙ্গীর মাতুব্বর পুলিশে চাকরিরত অবস্থায় তার ক্ষমতার প্রভাব দেখিয়ে অভিযোগকারী ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও ক্ষতির হুমকি দিয়ে আসছিলেন।লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩০ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে অভিযুক্তরা অভিযোগকারীর বাড়িতে এসে তার জামাই ও অন্যান্য আত্মীয়-স্বজন উপস্থিত থাকা অবস্থায় পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে বিভিন্ন কথা বলতে থাকে। এ সময় অভিযোগকারী ও তার পরিবারের লোকজন তাদের গালিগালাজ করতে নিষেধ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।অভিযোগ অনুযায়ী, এক পর্যায়ে অভিযুক্তরা অভিযোগকারীর আপন বড় ভাইয়ের মাথার চুল ধরে টান দিয়ে ফেলে দেন এবং তাকে ধাক্কাধাক্কি করেন। পরে অভিযোগকারীসহ পরিবারের অন্যান্য সদস্যদেরও গালিগালাজ করা হয়। বাড়িতে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা উপস্থিত লোকজনকে উদ্দেশ্য করে বলেন, লোকজনের জন্য তোদেরকে কিছু করতে পারলাম না। এছাড়া অভিযুক্তরা নিজেদের পুলিশি পরিচয়ের প্রভাব দেখিয়ে অভিযোগকারী পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং সেদিন রাতেই তাদের ধরে নিয়ে যাওয়ার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন অভিযোগকারী পরিবারকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিলে তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় সাক্ষী হিসেবে নাম উল্লেখ করা হয়েছে নাছিমা বেগম (৫০), সেলিনা বেগম (৫০) এবং মুক্তার মিয়া (৩২)-সহ আরও কয়েকজন স্থানীয় ব্যক্তির, যারা ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছেন বলে অভিযোগে বলা হয়েছে।অভিযোগকারী মোঃ ফিরোজ মাতুব্বর ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভাঙ্গা থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন।তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের ওপর নির্ভর করবে।

বাংলাদেশ সময়: ১৮:৫০:৩২   ১০ বার পঠিত