![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে জমির বিরোধকে কেন্দ্র করে দুই নারীসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় আজ বুধবার (৩ জুন) দুপুরে ৭ জনের নাম উল্লেখ করে আজিজুর রহমান বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
মামলা সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া এলাকায় দীর্ঘদিন ধরে লাইলি বেগমের পরিবারের সাথে প্রতিবেশী সুলতান মিয়ার পরিবারের দুই শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার গ্রাম্য সালিশ-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
গতকাল মঙ্গলবার রাতে বিরোধপূর্ণ ওই জমিতে জোরপূর্বক পাকা টয়লেট নির্মাণ শুরু করে সুলতান মিয়া ও তার লোকজন। এ সময় লাইলি বেগমের পরিবারের লোকজন বাঁধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা লাঠিসোটা, রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়।
এসময় আহতদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদের মধ্যে মিন্টু মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হামলায় ধারালো অস্ত্রের আঘাত ও লাঠির পিটুনিতে দুই নারীসহ চারজন গুরুতর জখম হন। আহতরা হলেন- লাইলি বেগম (৫০), মালেকা বেগম (৫৫)
আজিজুর রহমান (৪৫),মিন্টু মিয়া (৪২)।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, “এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বুধবার দুপুরে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
বাংলাদেশ সময়: ১৭:১৩:৫৬ ১২ বার পঠিত