১৫৩ শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরে দেখালেন হাসনাত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১৫৩ শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরে দেখালেন হাসনাত
মঙ্গলবার, ৯ জুন ২০২৬



১৫৩ শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরে দেখালেন হাসনাত

বৃত্তিপ্রাপ্ত ১৫৩ জুনিয়র শিক্ষার্থীকে নিয়ে এক ব্যতিক্রমী ও বর্ণাঢ্য শিক্ষা সফরের আয়োজন করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (৮ জুন) দিনব্যাপী আয়োজিত এ শিক্ষা সফরে সংসদ সদস্য নিজেই শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত থেকে বিভিন্ন স্থাপনা ঘুরে দেখান এবং সেগুলোর ইতিহাস, গুরুত্ব ও রাষ্ট্র পরিচালনায় ভূমিকা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। সফরে অংশ নেয়া শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন, সংসদ পাঠাগার, সংসদ অধিবেশন কক্ষ, নভোথিয়েটার এবং বাংলাদেশ সামরিক জাদুঘর পরিদর্শন করে।

সফরের অন্যতম আকর্ষণ ছিল জাতীয় সংসদ ভবন পরিদর্শন। সেখানে শিক্ষার্থীরা সংসদ ভবনের স্থাপত্যশৈলী ও কার্যক্রম সম্পর্কে জানার পাশাপাশি সংসদ পাঠাগার ঘুরে দেখে। এ ছাড়া তারা সংসদ অধিবেশন কক্ষের গ্যালারিতে বসে সরাসরি সংসদীয় কার্যক্রম পর্যবেক্ষণের বিরল সুযোগ লাভ করে, যা তাদের কাছে ছিল এক অনন্য অভিজ্ঞতা।

এ ছাড়া শিক্ষার্থীরা নভোথিয়েটারে আধুনিক বিজ্ঞান ও মহাকাশ বিষয়ক বিভিন্ন প্রদর্শনী উপভোগ করে। বাংলাদেশ সামরিক জাদুঘরে গিয়ে তারা দেশের সামরিক ইতিহাস, মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান, বিভিন্ন সামরিক সরঞ্জাম এবং বীরত্বগাথার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। এসব স্থাপনা পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা বইয়ের বাইরের জ্ঞান অর্জনের পাশাপাশি দেশের ইতিহাস, সংস্কৃতি ও রাষ্ট্রীয় কাঠামো সম্পর্কে বাস্তব ধারণা লাভ করে।

শিক্ষা সফর সম্পর্কে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। একজন শিক্ষার্থীর সামগ্রিক বিকাশের জন্য বাস্তব অভিজ্ঞতা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। সেই লক্ষ্য থেকেই এই শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। আমরা চাই শিক্ষার্থীরা দেশের ইতিহাস, ঐতিহ্য ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে জানুক এবং ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলুক।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, নেতৃত্বের গুণাবলি ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী প্রজন্মকে দক্ষ, সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এমন কার্যক্রম নিয়মিত আয়োজন করা প্রয়োজন।’

সফরে অংশ নেয়া শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘বইয়ের পাতায় বা টেলিভিশনে যেসব স্থান দেখেছি, আজ সেগুলো নিজের চোখে দেখতে পেরে খুবই আনন্দিত। জাতীয় সংসদ ভবন ও সামরিক জাদুঘর ঘুরে আমাদের অনেক নতুন বিষয় জানার সুযোগ হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে, আমাদের এমপি পুরো সময় আমাদের সঙ্গে ছিলেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দিয়ে আমাদের গাইড করেছেন। এই শিক্ষা সফরের স্মৃতি আমরা দীর্ঘদিন মনে রাখব।’

শিক্ষার্থীদের এই অর্জন এবং সফরের সফলতা কামনা করে দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আলাউদ্দিন এবং দেবিদ্বার মফিজ উদ্দিন আহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান বলেন, ‘এটি অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী উদ্যোগ। এমন শিক্ষা সফর শিক্ষার্থীদের জন্য যেমন আনন্দদায়ক, তেমনি শিক্ষণীয়ও। এর মাধ্যমে তারা বাস্তব জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেদের মধ্যে নতুন স্বপ্ন ও লক্ষ্য তৈরির অনুপ্রেরণা পাবে। ভবিষ্যতে দেশ ও সমাজ গঠনে নেতৃত্ব দেয়ার মানসিকতা তৈরিতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৭:০৪:১৭   ৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না
শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
শিপিং খাতের ভবিষ্যৎ নিয়ে মেরিটাইম ল’ সোসাইটির আন্তর্জাতিক সম্মেলন
মাদারগঞ্জে সাপে কাটা লাশের ওপর কবিরাজি ওঝাগিরি, ব্যর্থ চেষ্টা শেষে দাফন
দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি - শ্রম মন্ত্রী
প্রতিবন্ধী নীলার চিকিৎসায় মালয়েশিয়া প্রবাসী এরশাদ মুন্সীর সহায়তা
সাপের কামড়ে নিহত বিএনপি নেতার পরিবারের পাশে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুরে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ