![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক ঠেলে দেওয়া) চেষ্টাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর অবস্থান নিলেও, দুই দেশের পতাকা বৈঠকের পরও কোনো সমাধান হয়নি। ফলে সীমান্তজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা আরও বেড়েছে।
বুধবার (১০ জুন) সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর মেইন পিলারসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৫৮ বছর বয়সি এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিকে কাঁটাতারের বেড়া পার করে নো ম্যান্স ল্যান্ডে নিয়ে আসলে বিষয়টি জামালপুর ৩৫ বিজিবির নজরে আসে। বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশে বাধা দেন। এ সময় স্থানীয় বাসিন্দারাও লাঠিসোঁটা নিয়ে বিজিবির সঙ্গে যোগ দিয়ে প্রতিরোধ গড়ে তোলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি বাংলাদেশের দিকে এগিয়ে আসার চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেন। আবার ভারতের দিকে ফিরে যেতে চাইলে সেখানকার লোকজনও তাকে ধাওয়া দেয়। ফলে দুই দেশের সীমান্তের মাঝখানে আটকা পড়েন ওই ব্যক্তি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল ১০টার দিকে জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালকের নেতৃত্বে এবং ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের এক কর্মকর্তার উপস্থিতিতে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ সময় আলোচনা চললেও কোনো সুনির্দিষ্ট সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।
বৈঠক শেষে বিএসএফ ওই ব্যক্তিকে নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে না নিয়ে নো ম্যান্স ল্যান্ডেই রেখে চলে যায়। অন্যদিকে বিজিবিও তাকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি। ফলে ঘটনাস্থলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীই বর্তমানে মুখোমুখি ও সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তের দুই পাশেই শত শত নারী-পুরুষ জড়ো হয়েছেন। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছেন। পুরো এলাকায় এখন থমথমে পরিস্থিতি ও আতঙ্ক বিরাজ করছে।
জামালপুর ৩৫ বিজিবি অধিনায়ক, লে. কর্নেল হাসানুর রহমান,”সাম্প্রতিক সময়ে বিএসএফ বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বুধবার সকালে একজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে আমরা তা প্রতিহত করেছি। দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।”
বাংলাদেশ সময়: ২২:৪৮:৫২ ৬৭ বার পঠিত