![]()
সদরপুর ( ফরিদপুর) প্রতিনিধি : বর্ষা মৌসুম শুরুর আগেই খাল খনন কর্মসূচির সুফল ভোগ করতে শুরু করবেন ফরিদপুরের কৃষকরা বলে মন্তব্য করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৪টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকনগর ব্রিজ সংলগ্ন এলাকায় চলমান খাল খনন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তৈয়বুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক খাল খনন কর্মসূচির ফলে কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে।
বিশেষ করে পাটের রাজধানী হিসেবে পরিচিত নগরকান্দার কৃষকদের পাট পচানোর জন্য পানির সংকটে আর ভুগতে হবে না। খালগুলোতে পানি সংরক্ষণের সুযোগ সৃষ্টি হওয়ায় পাট চাষিরা সহজেই তাদের পাট পচাতে পারবেন।
তিনি আরও বলেন, খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা দূর হবে, সেচ ব্যবস্থার উন্নতি ঘটবে এবং অন্যান্য কৃষি ফসলের উৎপাদনও বৃদ্ধি পাবে। এতে কৃষকদের উৎপাদন ব্যয় কমার পাশাপাশি কৃষি খাত আরও সমৃদ্ধ হবে।
খাল খনন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে সহযোগিতা করায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ধন্যবাদ জানান জেলা প্রশাসক। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ সময়: ২৩:০৬:০২ ৯ বার পঠিত