![]()
ডাসার (মাদারীপুর) প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস মহাসড়কের গোপালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘ইয়েস পরিবহন’ নামে একটি দূরপাল্লার বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ডাসার থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৬:৪২:০৮ ১৭ বার পঠিত